বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-পাগলা-ঢাকা সড়কপথে বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে গতকাল শনিবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ফতুল্লা থানা শাখা এ কর্মসূচি পালন করে।
সিপিবি, বাসদ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পাঁচটায় পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় ওই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাসদের নেতা এস এম কাদির। বক্তব্য দেন সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, জেলা বাসদের নেতা জাহাঙ্গীর আলম গোলক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা শাখার সাধারণ সম্পাদক বিমলকান্তি দাস, ফতুল্লা থানা বাসদের সমন্বয়ক এম এ মিল্টন, ফতুল্লা থানা শাখা সিপিবির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটির আহ্বায়ক নূরুল হক জমাদ্দার, কুতুবপুর নাগরিক কমিটির নেতা লুৎফর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, একদিকে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে নাভিশ্বাস উঠে গেছে, তার ওপর ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ রুটে নতুন করে বাসভাড়া বৃদ্ধি করা হয়েছে। এই বাসভাড়া বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। তাঁরা আরও বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফের শর্ত পূরণ করতেই সরকার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। যার ফলে সরকার ও বাসমালিকদের উদ্যোগে বাসভাড়া বৃদ্ধি করা হয়েছে; যা গত শুক্রবার থেকে কার্যকর করা হয়েছে। এই মূল্যবৃদ্ধির জন্য জিনিসপত্রের দাম বাড়বে, বাড়িভাড়া বাড়বে।
বক্তারা অবিলম্বে বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় দলমত-নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে তাঁরা জানান।