ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে বাসভাড়া কমানোর দাবি জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম ১৪ দলের নারায়ণগঞ্জ জেলার নেতারা।গতকাল শনিবার জেলা ১৪ দলের এক সংবাদ বিবৃতিতে বলা হয়, সরকার সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ালেও দেশের কোথাও পরিবহন মালিকেরা বাসভাড়া বাড়াননি। কিন্তু ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে বেসরকারি বাসমালিকেরা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে আলোচনা ছাড়াই হঠাৎ করে বাসভাড়া ২৭ থেকে তিন টাকা বাড়িয়ে ৩০ টাকা করে আদায় করছেন। একই দিন বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) এসি বাসের ভাড়া ৩৪ থেকে চার টাকা বাড়িয়ে ৩৮ টাকা করেছে। বেসরকারি ও সরকারি পরিবহন একই দিনে পূর্বঘোষণা ছাড়াই বাসভাড়া বাড়িয়েছে। ১৪ দলের নেতাদের মতে, সরকারের বিরুদ্ধে জনগণ ও বাসযাত্রীদের খেপিয়ে তুলতে ষড়যন্ত্রমূলকভাবে ঢাকা-নারায়ণগঞ্জ পথে বাসভাড়া বাড়ানো হয়েছে। বর্ধিত বাসভাড়া আদায়ের ফলে জনজীবনে দুর্ভোগ নেমে আসবে। সংবাদ বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন: নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোহর আলী চৌধুরী, জেলা সাম্যবাদী দলের সম্পাদক হানিফুল কবির, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি মাহতাব উদ্দিন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, জেলা আওয়ামী লীগের সদস্য রোকন উদ্দিন আহমেদ।এর আগে গত জুন মাসে বেসরকারি বাসমালিকেরা ২২ টাকা থেকে বাসভাড়া বৃদ্ধি করে ৩০ টাকা করেন। সে সময় নারায়ণগঞ্জ জেলা ১৪ দল ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম আন্দোলন করলে ভাড়া ২৭ টাকা করা হয়।