বাসভাড়া কমানোর দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ থেকে সব পথে বাসভাড়া কমানো, বিআরটিসি বাস দ্রুত চালু ও রেল যোগাযোগকে উন্নত করার দাবিতে গতকাল শনিবার সমাবেশ ও মিছিল করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ সমাবেশে বক্তারা বলেন, ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্ন পথে অস্বাভাবিকভাবে বাসভাড়া বাড়ানো হয়েছে, যা সরকারের নীতিমালার পরিপন্থী। ঢাকা-নারায়ণগঞ্জ পথে কেবল বেসরকারি বাসের ওপর নির্ভরশীলতার কারণে পরিবহন মালিকেরা যাত্রীদের জিম্মি করার সুযোগ পাচ্ছেন। তাই অবিলম্বে বিআরটিসি বাস চালু ও রেলের বগি বৃদ্ধিসহ সকাল সাড়ে সাতটা থেকে ১০টা পর্যন্ত ও বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত আধাঘণ্টা পরপর এবং অন্য সময় এক ঘণ্টা পরপর ট্রেন চালু করতে হবে।ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা সিপিবির নেতা মন্টু ঘোষ, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।