ঢাকা-নারায়ণগঞ্জ সড়কপথে আজ শুক্রবার থেকে বাসভাড়া ২৭ থেকে এক লাফে তিন টাকা বাড়িয়ে ৩০ টাকা ধার্য করা হয়েছে। আকস্মিকভাবে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্তে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী বলে অভিহিত করেছে। গত জুনে ঢাকা-নারায়ণগঞ্জ বাসভাড়া ২২ থেকে ২৮ টাকা নির্ধারণ করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। পরে এক টাকা কমিয়ে ২৭ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ বাস মিনিবাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ শুক্রবার থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া তিন টাকা বাড়িয়ে ৩০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের আহ্বায়ক মুক্তার হোসেনের দাবি, ‘নতুন করে ভাড়া বাড়ানো হচ্ছে না। গত জুন মাসের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভাড়া আদায় করা হচ্ছে। জুন মাসে সরকার বাসভাড়ার যে তালিকা দিয়েছিল, সে অনুযায়ী ঢাকা-নারায়ণগঞ্জ সড়কপথে ভাড়া হয় ৩১ টাকা ৬২ পয়সা। কিন্তু আমরা প্রশাসনের অনুরোধ ও সাধারণ মানুষের কথা বিবেচনা করে ভাড়া ২৭ টাকা নির্ধারণ করেছিলাম। কিন্তু এখন টায়ার, যন্ত্রাংশসহ সবকিছুর দাম বেড়েছে। তাই শুধু ঢাকা-নারায়ণগঞ্জ পথে ৩০ টাকা বাসভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে নারায়ণগঞ্জের অন্যান্য পথে বাসভাড়া বাড়ানো হচ্ছে না।’