বাসভাড়া বাড়ানোয় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরে বাসের ভাড়া বাড়ানোয় সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ভাড়া বাড়ানোয় সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ছাত্রদের। তাদের সঙ্গে প্রতিদিন কোনো না কোনো বাসের শ্রমিকদের বাকিবতণ্ডা হচ্ছে।ছাত্রদের অভিযোগ, সরকার প্রজ্ঞাপন জারি করে যে হারে ভাড়া বাড়িয়েছে, বাসের শ্রমিকেরা যাত্রীদের কাছ থেকে তার চেয়ে বেশি ভাড়া নিচ্ছেন। খুলনা পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র নাজমুল হোসেন অভিযোগ করে, ‘বাসের কর্মচারীরা তাদের ইচ্ছামতো ভাড়া বাড়িয়েছে। সরকার এক টাকা ভাড়া বাড়ালেও তারা দুই টাকা নিচ্ছে।’সুন্দরবন কলেজের প্রদীপ চৌধুরী বলেন, আগে কলেজে আসা-যাওয়ায় তিনি ১০ টাকা ভাড়া দিতেন, এখন তাঁর কাছ থেকে ১৪ টাকা নেওয়া হচ্ছে।মাছ ব্যবসায়ী সুমন হাওলাদার বলেন, ‘যেভাবে বাসভাড়া বেড়ে যাচ্ছে, তাতে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা খুব বিপদে পড়ে যাচ্ছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসশ্রমিক (কন্ডাক্টর) বলে, ‘তেমন ভাড়া বাড়েনি, সরকার তেলের দাম বাড়ায়ে দেছে, তাই আমরা একটু বাড়াইছি।’ লোকাল বাসের যাত্রী সোহাগ হোসেন জানান, সব পথেই আগের চেয়ে দুই থেকে ১০ টাকা পর্যন্ত বেশি ভাড়া নেওয়া হচ্ছে। খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ আবদুল আজিজ বলেন, তেলের দাম সামান্য বেড়েছে ঠিক; কিন্তু মালিকেরা ভাড়া অনেক বাড়িয়েছেন। খুলনা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, তেলের দাম বাড়ার কথা বলা হলেও মালিকদের আসল সমস্যা অন্য জায়গায়। একটি টায়ারের দাম আগের চেয়ে ১০ হাজার টাকা বেড়েছে। এ ছাড়া যন্ত্রাংশ, শ্রমিকদের বেতনসহ অন্যান্য খরচও বেড়েছে। তাই সরকারি প্রজ্ঞাপন অনুসারে মাত্র কয়েক পয়সা বাড়িয়ে প্রতি কিলোমিটারে এক টাকা ১৫ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে।