বাসভাড়া বাড়ায় ট্রেনে যাত্রী বৃদ্ধি, বগি-সংকটে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসভাড়া বেড়ে যাওয়ায় সিলেট-চট্টগ্রাম ও সিলেট-ঢাকা পথে ট্রেনে যাত্রী বেড়েছে। এই রেলপথে প্রতিদিনই আসনসংখ্যার চেয়ে অনেক বেশিসংখ্যক যাত্রী ভ্রমণ করছে। এদিকে বগি-সংকটের কারণে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।শমশেরনগর, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ স্টেশন সূত্র জানায়, গত তিন সপ্তাহে যাত্রীর সংখ্যা অনেক বেড়েছে। কারণ, ভাড়া বাড়ানোর পর শ্রীমঙ্গল থেকে ঢাকা পর্যন্ত বাসে যেতে খরচ পড়ে ন্যূনতম ৩০০ টাকা। অথচ ট্রেনে মাত্র ১৩৫ টাকায় শ্রীমঙ্গল থেকে ঢাকায় চেয়ারে বসে যাওয়া যায়। অন্যদিকে শ্রীমঙ্গল থেকে চট্টগ্রামে আন্তনগর উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ারের ভাড়া ১৬৫ টাকা। কিন্তু বাসে করে চট্টগ্রাম যেতে যাত্রীদের গুনতে হচ্ছে ৩৫০ টাকা। ফলে স্বল্প আয়ের যাত্রীরা ট্রেনে ভ্রমণ করতে এক রকম বাধ্য হচ্ছে। জানা যায়, আসনের চেয়ে যাত্রী বেশি হচ্ছে। প্রতিটি স্টেশন থেকে প্রতিদিনই অর্ধশতাধিক যাত্রী আসনবিহীন টিকিট নিচ্ছে।শায়েস্তাগঞ্জের স্টেশন মাস্টার কাজী শহিদুর রহমান ও শমশেরনগরের স্টেশন মাস্টার মোহাম্মদ শাহজাহান বলেন, সিলেট-চট্টগ্রাম রেলপথের আন্তনগর ট্রেনগুলোতে শোভন চেয়ারযুক্ত বগির সংখ্যা চাহিদার তুলনায় কম। আকস্মিকভাবে আন্তনগর পাহাড়িকা ও আন্তনগর উদয়ন এক্সপ্রেসের একটি করে শোভন চেয়ারযুক্ত বগি বাতিল করা হয়েছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছে। দুটি ট্রেনে কমপক্ষে চারটি করে চেয়ার আসনযুক্ত বগি থাকা প্রয়োজন।ওই দুই স্টেশন মাস্টার আরও জানান, শুধু চট্টগ্রাম ও সিলেট স্টেশনের জন্য একটি শোভন চেয়ারযুক্ত বগি রেখে মধ্যবর্তী স্টেশনগুলোর জন্য বরাদ্দ বগি বাতিল করা হয়েছে।শমশেরনগর স্টেশনের সহকারী মাস্টার আবদুল মালিক বলেন, প্রায় দুই মাস আগে ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারযুক্ত একটি বগি বাতিল করা হয়। এতে শমশেরনগরের যাত্রীরা বিপাকে পড়ে।বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সম্প্রতি ট্রেনে যাত্রীদের চাপ বৃদ্ধি এবং তিনটি ট্রেনের শোভন চেয়ারযুক্ত বগি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, প্রয়োজনের তুলনায় ট্রেনে বগির স্বল্পতা রয়েছে। এ ছাড়া কয়েকটি দুর্ঘটনায় কিছু বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন পথে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে বগি কমিয়ে দুর্বল বগিগুলো মেরামতের জন্য রেলওয়ে কারখানায় পাঠানো হয়েছে। কারখানা থেকে সেগুলো ফেরত আসার পর আবারও সিলেট-চট্টগ্রাম ও সিলেট-ঢাকা রেলপথের তিনটি আন্তনগর ট্রেনে যুক্ত করা হবে।