বাসমালিককে কুপিয়ে জখম গ্রেপ্তার ৯
নড়াইল জেলা বাস মালিক সমিতির লাইন সেক্রেটারি নওশের আলীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত শুক্রবার রাতে সদর উপজেলার গড়েরহাট বাজারে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় নওশেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নয়জনকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন রাত নয়টার দিকে নওশের জেলা শহর থেকে সদর উপজেলার ধাড়িয়াঘাটা গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে গড়েরহাট বাজারে পৌঁছালে ওত পেতে থাকা ১৫-২০ জন সন্ত্রাসী তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে ওই বাজারের আরও তিনজন ব্যবসায়ী আহত হন। আশঙ্কাজনক অবস্থায় নওশেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই রাতেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সদর থানা ও পার্শ্ববর্তী মাগুরার শালিখা থানা পুলিশ নয়জনকে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল হক বলেন, একটি মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ২০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।