যেসব বাসমালিক অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের হাতে গাড়ির চাবি তুলে দিয়ে মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলেন, তাঁদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা রোধে মোটরযান আইন কঠোর করা এবং প্রয়োজনে পৃথক আদালত গঠন করে এর বিচার করতে হবে। এ দাবি গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মিশুক মুনীরের পরিবারের।গত বছরের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন। ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী ‘চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের’ একটি বাসের সঙ্গে তাঁদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে। নিহত অপর তিনজন হলেন মো. ওয়াসিম, জামাল হোসেন এবং মাইক্রো-বাসের চালক মোস্তাফিজুর রহমান।মাইক্রোবাসে ছিলেন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ। তিনিও গুরুতর আহত হন।ক্যাথরিন মাসুদ গত শনিবার প্রথম আলোকে বলেন, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে। এসব চালকের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া বাসমালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে অবস্থার পরিবর্তন সম্ভব। এ ছাড়া মানুষকে সচেতন করতে হবে, যাতে দুর্ঘটনায় হতাহতদের পরিবার ক্ষতিপূরণের দাবিতে মামলা করে।মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলী কাজী প্রথম আলোকে বলেন, আদালতের দীর্ঘসূত্রতা আর নানা হয়রানির কারণে নিহত ব্যক্তিদের স্বজনেরা আদালতে যেতে চান না। পৃথক আদালত হলে সময় ও হয়রানি কমে আসবে এবং মানুষও আদালতমুখী হবে। এতে বাস কোম্পানিগুলোও সতর্ক হবে। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে মোটরযান আইন কঠোর করতে হবে।তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান ঘটনার দিন রাতেই মামলা করেন। মামলায় আসামি করা হয় বাসের চালক জামির হোসেনকে। সাত মাসেরও বেশি সময় ধরে তদন্ত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ-উল-ইসলাম গত ২২ মার্চ মানিকগঞ্জের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর আগে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অভিযোগপত্রে বলা হয়, বাসের চালক জামির বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন, গাড়ি ছিল ত্রুটিপূর্ণ এবং চালকের লাইসেন্স ছিল মেয়াদোত্তীর্ণ। মামলাটি বর্তমানে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। দুর্ঘটনার পরদিন ১৪ আগস্ট রাতে গ্রেপ্তার হন চালক জামির হোসেন। এরপর তাঁকে জেলহাজতে পাঠানো হয়। গত বছরের ১৭ নভেম্বর ৫০ হাজার টাকা মুচলেকার বিনিময়ে তিনি জামিন পান। সেই থেকে তিনি জামিনে রয়েছেন।এ মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবদুস ছালাম প্রথম আলোকে বলেন, চালক জামির হোসেনের বিরু-দ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। এই অপরাধের শাস্তি সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড।এ ছাড়া গত ১৩ ফেব্রুয়ারি মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩-এর ১২৮ ধারা অনুযায়ী ক্ষতিপূরণের দাবিতে দুটি মামলা করে তারেক মাসুদ ও মিশুক মুনীরের পরিবার। মামলায় ক্যাথরিন মাসুদ ও তাঁর পরিবার সাত কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৪২৫ টাকা এবং মিশুক মুনীরের পরিবার পাঁচ কোটি পাঁচ লাখ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করে। ক্ষতিপূরণ দাবি করা হয় চুয়াডাঙ্গা ডিলাক্সের মালিক কাশেদ মিয়া, খোকন মিয়া, জাহাঙ্গীর কবীর, চালক জামির হোসেন ও রিলায়েন্স ইনস্যুরেন্স কোম্পানির কাছে। ক্ষতিপূরণের মামলায় আসামিদের আদালতে তলব করা হয়। আসামিরা গত ২৪ জুলাই আদালতে উপস্থিত হন। ২৩ আগস্ট মামলা দুটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।ক্ষতিপূরণ মামলায় বাদীপক্ষের কৌঁসুলি আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, তারেক মাসুদ ও মিশুক মুনীরের মতো ব্যক্তিদের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। অর্থের মানদণ্ডে সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। অন্যদের সচেতন করতেই এ মামলা করা হয়েছে।