বাসযাত্রী হত্যা: ফখরুলসহ ২৬ জনকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

বাসে আগুন দিয়ে যাত্রী হত্যার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

মামলা থেকে অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্য বিএনপি অন্য নেতারা হলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকত উল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, সাইফুল আলম প্রমুখ।

এর আগে এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জন্য সাক্ষ্য-প্রমাণ না পাওয়া যাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক বাহাউদ্দিন ফারুকী। এ ছাড়া এ মামলার ছয় আসামির বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। এই ছয়জনের মধ্যে চারজনের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং পলাতক বাকি দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এই ছয় আসামি হলেন রবিউল ইসলাম, অনুপ চন্দ্র রায়, মোহাম্মদ জুবায়ের হোসেন, রিয়াজুল হাসান, সাইফুল ইসলাম ও আলমগীর হাসান।


মামলার এজাহারে জানা গেছে, ২০১৪ সালের ৩ জানুয়ারি হরতালের দিন রমনা থানার পরিবাগ ফুটওভারব্রিজের নিচে অজ্ঞাতনামা দুজন যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেন।

তাতে অগ্নিদগ্ধ হয়ে বাসযাত্রী শাহিনা আক্তার (৪৫) ও ফরিদ মিয়া (৬০) নিহত হন। রমনা থানায় করা এই মামলার তদন্ত শেষে গত বছরের ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি রিয়াজুল হাসান।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামি সাইফুল ইসলাম ও পলাতক আসামি আলমগীর হাসানের নির্দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এই ছয় আসামি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে দুই বাস যাত্রীকে আগুন দিয়ে হত্যা করে।

আগামী ২০ এপ্রিল মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারি পরোয়ানার তামিল প্রতিবেদন জমা দিতে আদালত পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন ঢাকার মহানগর আদালতের পেশকার ফয়েজ আহমেদ।