ঢাকা-গজারিয়া-দাউদকান্দি যাত্রাপথে বাসযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। সোম ও গতকাল মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই অংশে বাসযাত্রীদের কাছ থেকে দ্বিগুণ থেকে তিন গুণ ভাড়া আদায় করা হয়। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের ছুটি শেষে ঢাকার কর্মস্থলে ফিরছেন অনেকে। এ কারণে বাসসহ অন্যান্য যানবাহনে প্রচণ্ড ভিড়। এই সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। অন্য সময় দাউদকান্দি টোলপ্লাজা থেকে ঢাকায় বাসভাড়া ৪৫ টাকা এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ঘাট এলাকা থেকে ৪০ টাকা। কয়েকজন যাত্রী প্রথম আলোর কাছে অভিযোগ করেন, মেঘনা-গোমতী (দাউদকান্দি) সেতুর পূর্বাংশের টোলপ্লাজা এলাকা থেকে ছেড়ে যাওয়া সায়েদাবাদ ও গুলিস্তানগামী বাসগুলো যাত্রীপ্রতি ১২০ থেকে ১৫০ টাকা ভাড়া আদায় করছে। সেতুর পশ্চিম প্রান্ত গজারিয়া উপজেলার বাউশিয়া ঘাট এলাকা থেকে সিটিং সার্ভিস ‘গজারিয়া’ পরিবহন যাত্রীপ্রতি ১০০ টাকা ও অন্য যাত্রীবাহী পরিবহনগুলো ৭০ থেকে ৮০ টাকা আদায় করছে। ঢাকা-গজারিয়া-দাউদকান্দি পথের বাস মালিক সমিতির সভাপতি আমানউল্লা মিয়ার মুঠোফোনে গতকাল বিকেলে ফোন করলে তিনি পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগ করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া য়ায়। গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. জয়নাল আবেদিন গতকাল বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের কথা আপনাদের কাছেই প্রথম শুনলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’