বাসযাত্রীদের রক্ষা করায় পারভেজ মিয়াকে সংবর্ধনা

ডোবায় পড়ে যাওয়া বাস থেকে যাত্রীদের জীবিত উদ্ধার করায় কনস্টেবল পারভেজ মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার কুমিল্লা জেলার আদর্শ সদর ও দাউদকান্দি উপজেলায় এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল রাত আটটায় আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় জেলা ট্রাক মালিক সমিতি তাদের কার্যালয়ে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় পারভেজ মিয়াকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
জানা গেছে, ৭ জুলাই বেলা ১১টায় দাউদকান্দির গৌরীপুরে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের ডোবায় পড়ে যায়। তখন ওই ডোবায় পুলিশের পোশাক পরেই নেমে পড়েন পারভেজ মিয়া। এরপর তিনি ওই বাসটির জানালা ভেঙে একে একে বের করে আনেন সাত মাস বয়সী এক শিশুসহ অন্তত ২৬ জন যাত্রীকে।
গতকাল বিকেলে দাউদকান্দি উপজেলার পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে ইছাপুর গ্রামের সাইফুল ইসলাম পাঁচ হাজার ও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল-আমিন মিয়াজী পারভেজ মিয়াকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেন। তা ছাড়া, নিসচার প্রতিষ্ঠাতা সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষে নিসচা কুমিল্লা উত্তর জেলা শাখা তাঁকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়।