বাসযোগ্য নগর গড়তে আন্তরিকতা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবর্জনামুক্ত পরিচ্ছন্ন বাসযোগ্য নগরের জন্য নগরবাসীসহ প্রশাসনের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। কারও একক প্রচেষ্টায় কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। আর যানজট দূর করতে প্রয়োজন পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ।
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম ক্লাবে দুই দিনব্যাপী নান্দনিক চট্টগ্রাম সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। ‘বাসযোগ্য থাকুক প্রিয় চট্টগ্রাম’ স্লোগানে সম্মেলনের আয়োজন করেছে গণমাধ্যম ও গবেষণাকেন্দ্র নান্দনিক।
সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। নান্দনিকের সভাপতি তাজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সিটি করপোরেশনের কাউন্সিলর জেসমিন পারভিন, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, উন্নয়নকর্মী জেসমিন সুলতানা প্রমুখ।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আমরা এখন নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আমাদের মানসিকতাকেও এখন সে পর্যায়ে নিয়ে যেতে হবে। আমরা যাঁরা সরকারে আছি, তাঁরা কাজ করে যাচ্ছি। সামনে চট্টগ্রামের আরও উন্নতি ঘটবে।’
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম নগরকে পরিচ্ছন্ন করতে সিটি করপোরেশনের পক্ষে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নগরবাসীকেও নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ের মধ্যে আবর্জনা ফেলার বিষয়ে সচেতন করার চেষ্টা চলছে। তবে এ বিষয়ে নিয়মিত মাইকিং ও প্রচারপত্র বিলি করার পরও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি। বেশির ভাগ মানুষ এখনো যত্রতত্র আবর্জনা ফেলছেন। নগরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবাইকে নিতে হবে।
মেয়র বলেন, মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) অনুযায়ী নালা-নর্দমা ও নতুন খাল খননের মাধ্যমে নগরের জলাবদ্ধতা সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বলেন, বাসযোগ্য পরিচ্ছন্ন নগরের জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন। নগরের প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে একটি করে কমিটি করে দেওয়া উচিত, যারা পরিচ্ছন্নতার বিষয়টি তদারক করবে। এটি হলে পুরো শহর পরিচ্ছন্ন হতে সময় লাগবে না। শহরের যানজট দূর করতে যেখানে-সেখানে অবৈধ পার্কিং বন্ধ করতে হবে। গাড়ির চালকদের ট্রাফিক আইন সম্পর্কে প্রশিক্ষিত করতে হবে, যাঁরা ট্রাফিক নিয়ন্ত্রণ করেন তাঁদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ ছাড়া নগরের উন্নয়নে উড়ালসড়ক, নতুন সড়ক সম্প্রসারণসহ যেসব প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলোর দ্রুত বাস্তবায়ন প্রয়োজন।
সম্মেলনে বিকেলের অধিবেশনের বিষয়বস্তু ছিল ‘ব্যবসাবান্ধব আর নতুন উদ্যোগের শহর হোক চট্টগ্রাম’। এতে অংশ নেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাছিরউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার প্রমুখ।