মানবিক বিপর্যয় রোধ এবং নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য সমাজ গড়ে তুলতে হলে জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। মানবিক, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য প্রয়োজন সৎ, দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলা। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবনের ২ নম্বর গ্যালারিতে ‘কলা ও মানববিদ্যা বক্তৃতামালা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদ এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সাহিত্য-সংস্কৃতিচর্চা আরও বেশি করে করতে হবে। জঙ্গিবাদ-মৌলবাদমুক্ত অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক মানবিক সমাজ গড়ে তোলার জন্য ইতিহাস ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই।
কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মো. সেকান্দর চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন সহ–উপাচার্য শিরীন আখতার এবং দর্শন বিভাগের সভাপতি এন এইচ এম আবু বকর।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের অধ্যাপক মহীবুল আজিজ ও ইতিহাস বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, ইতিহাস বিভাগের অধ্যাপক মাহমুদুল হক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক গোলাম কিবরিয়া ভূইয়া কবি ও সাংবাদিক আবুল মোমেন।