বাসযোগ্য ও মানবিক শহর গড়তে চাই: ক্বাফী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল্লাহ আল ক্বাফী
আবদুল্লাহ আল ক্বাফী

প্রশ্ন: কেন মেয়র হতে চান?
উত্তর: সবার জন্য একটি বাসযোগ্য ঢাকা ও একটি মানবিক শহর প্রতিষ্ঠার জন্য মেয়র হতে চাই। আমার দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে আমরা অনেক আগে থেকেই সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলন করে আসছি।
প্রশ্ন: ঢাকা সিটি করপোরেশন উত্তরের জন্য আপনি এ পর্যন্ত কী করেছেন। কোনো অর্জন বা সফলতা আছে কী?
উত্তর: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির আন্দোলনে পাশে থেকেছি। নব্বইয়ের দশকে ঢাকার যানজট নিরসনে ‘অচল ঢাকা সচল করো’ নামে একটি আন্দোলন করেছি। সে সময় শান্তিনগর এলাকায় সামান্য বৃষ্টিতেই কোমরপানি হতো। ওই পানিতে দাঁড়িয়ে আমরা জলাবদ্ধতার বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলনের পর সরকার ওই জলাবদ্ধতা দূর করার উদ্যোগ নেয়।
প্রশ্ন: মেয়র হলে আপনার প্রথম তিনটি অগ্রাধিকার কী হবে?
উত্তর: প্রথমত, ঢাকা সিটি করপোরেশনকে একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই আমি। দ্বিতীয়ত, আমি শহরের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য স্বল্প খরচে আবাসনব্যবস্থা গড়ে তুলতে চাই। এটি ডিসিসির পক্ষে এককভাবে করা সম্ভব নয়। ডিসিসি এ ক্ষেত্রে সরকারকে এ কাজে সহযোগিতা করতে পারে। তৃতীয়ত, এই শহরকে নারীর জন্য নিরাপদ হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য সচেতনতা ও নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে চাই।
প্রশ্ন: রাজনৈতিক বিশ্বাস ও শৃঙ্খলার প্রশ্নে মেয়রকে যদি কোনো কারণে বিপরীতমুখী অবস্থান নিতে হয়, তাহলে কী করবেন?
উত্তর: দ্বন্দ্ব হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে নগরবাসীর কাছে মাফ চেয়ে দায়িত্ব ছেড়ে দেব।
প্রশ্ন: নির্বাচনে সেনাবাহিনী নামানো নিয়ে আপনার অবস্থানকী?
উত্তর: আমরা শুরু থেকেই কোনো নির্বাচনে সেনাবাহিনী নামানোর পক্ষে না। কেননা, এই বাহিনীর কাজের একটি পরিধি রয়েছে। তবে নির্বাচন কমিশন একবার বলছে সেনা নামানো হবে না, একবার বলছে সেনা নামানো হবে। এতে নির্বাচন কমিশন সরকারের নির্দেশে চলে বলে যে অভিযোগ আছে, তা প্রমাণিত হয়।
সাক্ষাৎকার নিয়েছেন ইফতেখার মাহমুদ