বাসযোগ্য চট্টগ্রাম গড়তে ব্যতিক্রমী উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসযোগ্য চট্টগ্রাম গড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চিটাগাং রিসার্চ ইনিশিয়েটিভ। চট্টগ্রামের দৃষ্টিকটু ডাস্টবিন, অযৌক্তিক যানজট ও স্বাস্থ্যহীন নগরবাসী—এই তিনটি বিষয়ে জনসম্পৃক্ততা ও সচেতনতা তৈরি এবং সমাধানের লক্ষ্যে ‘ওয়াকিং ফর চিটাগাং’ শিরোনামে পদযাত্রা কর্মসূচি নেওয়া হয়েছে।
১২ এপ্রিল সকাল আটটায় বহদ্দারহাট ফ্লাইওভার থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু হবে। সেখান থেকে ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়ার সেমিট্রি, চকবাজার, প্রেসক্লাব, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালদীঘি ও নন্দনকানন হয়ে ডিসি হিলে শেষ হবে। পর্যায়ক্রমে এ ধরনের কর্মসূচি নেওয়া হবে।
কর্মসূচির আয়োজকদের পক্ষে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান গতকাল বৃহস্পতিবার প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে আসেন।
এই কর্মসূচিতে যার যার অবস্থান থেকে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বমানের নগরের অন্যতম শর্ত হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা। কিন্তু গত এক দশকে চট্টগ্রামের রূপান্তর ঘটলেও শ্রীবৃদ্ধি ঘটেনি। বর্জ্য ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। শিশুদের ডাস্টবিনের সামনে দিয়ে স্কুলে যেতে হচ্ছে। একইভাবে অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে যানজট লেগে আছে। এসব সমস্যা সমাধানে ঘুরে দাঁড়াতে হবে। নিজেরা মাঠে না নামলে হবে না।
হোসেন জিল্লুর রহমান বলেন, ‘একসময় কলকাতা নগরেও বর্জ্য ব্যবস্থাপনা ভালো ছিল না। যানজটও ছিল সেখানে। কলকাতা সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছে। আমরাও চ্যালেঞ্জ নিয়েছি। এ অবস্থা থেকে মুক্ত হতে হবে। বাসযোগ্য চট্টগ্রাম গড়তে এর বিকল্প নেই।’