বাসযোগ্য চট্টগ্রামের জন্য হাঁটলেন নগরবাসী
চট্টগ্রাম নগরের ব্যস্ততম এলাকা মুরাদপুর। যানজট আর রাস্তার দুই পাশে ময়লা-আবর্জনা পড়ে থাকা এখানকার প্রতিদিনকার চিত্র। এসব ময়লা-আবর্জনা পরিষ্কারে নেমেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। গতকাল শনিবার এমন দৃশ্যে চোখ আটকে গেল পথচারীদের।
গতকাল নগরের বিভিন্ন প্রধান সড়কের পাশে এ রকম পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন হোসেন জিল্লুর রহমান। ব্যতিক্রমী এই উদ্যোগে তাঁর সঙ্গে অংশ নেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। নগরকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকে উদ্বুদ্ধও করেন তাঁরা। বিতরণ করেন প্রচারপত্র।
বাসযোগ্য চট্টগ্রাম গড়তে সকাল সোয়া আটটায় নগরের বহদ্দারহাট থেকে ডিসি হিল পর্যন্ত ‘ওয়াকিং ফর চিটাগাং’ শীর্ষক এ পদযাত্রার আয়োজন করে চট্টগ্রাম রিসার্চ ইনিশিয়েটিভ (সিআরআই)। পদযাত্রা শুরুর আগে বহদ্দারহাট চত্বরে সমবেত লোকজন জাতীয় সংগীত পরিবেশন করেন। সেখান থেকে এ পদযাত্রা শুরু হয়ে নগরের দুই নম্বর গেট, জিইসি মোড়, ওয়ার সিমেট্রি, সার্সন রোড, চট্টগ্রাম প্রেসক্লাব, চেরাগী পাহাড় মোড়, আন্দরকিল্লা, লালদীঘি, নন্দনকানন ঘুরে ডিসি হিলে গিয়ে শেষ হয়। সেখানে কবি গান অনুষ্ঠিত হয়।
পদযাত্রায় অংশগ্রহণকারীরা সড়ক প্রদক্ষিণ করার সময় ওই সব এলাকার ময়লা-আবর্জনা ও নালা পরিষ্কার করেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, দুই দশকে চট্টগ্রামের কলেবর বাড়লেও শ্রীবৃদ্ধি ঘটেনি। দোষারোপের সংস্কৃতির পথ ধরে এ অবস্থার পরিবর্তন সম্ভব নয়। নিজ নিজ অবস্থান থেকে পরিবর্তনের জন্য কাজ করে যেতে হবে।
পদযাত্রায় অংশ নেওয়া হালদা নদী রক্ষা কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মনজুরুল কিবরীয়া বলেন, চট্টগ্রামকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর পরিকল্পনা ও নগরবাসীর সচেতনতাকে সমন্বয় করা প্রয়োজন।
পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের চট্টগ্রাম শাখা, লেডিস ক্লাব, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি, রিহ্যাব, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কাইটস ফাউন্ডেশন বাংলাদেশ, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি, মেরিট বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ ও রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
অন্যদের মধ্যে পদযাত্রায় অংশ নেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আবুল কাশেম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর আনজুমান আরা বেগম, এভারেস্ট বিজয়ী এম এ মুহিত, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান এ এস এম ফজলুল করিম ও দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক।
সমাপনী বক্তব্যে হোসেন জিল্লুর রহমান বলেন, ‘চট্টগ্রামকে বাসযোগ্য নগর গড়ে তুলতে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কর্মসূচি পালন করতে হবে। তাই সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।’ সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।