বাসযোগ্য ঢাকার প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা শুরু আনিসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তরে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক গতকাল প্রচারণার প্রথম দিনে কারওয়ান বাজার এলাকায় গণসংযোগ করেন l ছবি: প্রথম আলো
ঢাকা উত্তরে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক গতকাল প্রচারণার প্রথম দিনে কারওয়ান বাজার এলাকায় গণসংযোগ করেন l ছবি: প্রথম আলো

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত ১৯ নম্বর ওয়ার্ডের একদিকে ধনীদের নিবাস গুলশান ও বনানী আর তার পাশেই দেশের দরিদ্র বস্তিবাসীদের সবচেয়ে বড় বসতি কড়াইল। বেলা আড়াইটায় ঢাকা উত্তরের ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হকের গাড়িবহরটি কড়াইল বস্তিতে পৌঁছায়। কারওয়ান বাজারের জনসংযোগ শেষে কড়াইল বস্তিতে জনসংযোগ করে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন তিনি।
বনানীর ঝকঝকে আবাসিক এলাকা পেরিয়ে কড়াইল বস্তির বিবর্ণ প্রধান ফটকের কাছে গাড়িবহরটি পৌঁছাতেই আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী আর সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান ধরলেন। গাড়ি থেকে নেমেই আনিসুল হক স্লোগান থামাতে বললেন। সঙ্গে থাকা মেয়র পদপ্রার্থীর স্ত্রী রুবানা হক, সাংসদ তারানা হালিমসহ অন্যরা গিয়ে কড়াইল আওয়ামী লীগ কার্যালয়ে বসেন। আনিসুল হক নেতা-কর্মীদের কাছে জানতে চান, কড়াইল বস্তির তিনটি সমস্যার কথা বলেন। উত্তরে নেতারা বলেন, ‘আমাদের বিদ্যুৎ-পানি-গ্যাস সব অবৈধ। এগুলো বৈধ কইরা দেন।’ তারপর প্রায় সমস্বরে সবাই বলে ওঠেন, ‘সবার আগে পুনর্বাসন চাই। যাদের ঘর পুইড়া গেছে, তাদের ঘর ফিরাইয়া দেওয়ার ব্যবস্থা করেন।’
আনিসুল হক বলতে থাকেন, ‘মেয়র হিসেবে আপনাদের জন্য সর্বোচ্চ যতটুকু করা সম্ভব তা আমি করব। আমার মেয়ে দেশে এলে এখানকার স্কুলে পড়াতে আসে। বিভিন্ন বেসরকারি সংস্থা এখানে যেসব কাজ করে, আমরা তাদের পেছনে থেকে সহায়তা করি। এখন সরাসরি সামনে এসেছি আপনাদের সেবা করতে।’
এরপর আনিসুল হক ঢাকা শহর নিয়ে তাঁর আন্দোলন ‘আমরা ঢাকা’র পক্ষ থেকে নগরবাসীর জন্য লেখা চিঠি বিলি করেন। কড়াইল বস্তির ঘরে ঘরেও তিনি জনসংযোগ করেন।
ঢাকা উত্তরের অপর মেয়র পদপ্রার্থী জোনায়েদ সাকি ‘আগামীর ঢাকা, সকলে মিলে’ স্লোগান সামনে নিয়ে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গণসংহতি আন্দোলনের সাবেক সমন্বয়ক এই বাম নেতা সকাল ১০টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে গণসংযোগে নামেন। এরপর তিনি মিরপুর-১ নম্বর ও বাউনিয়া বাঁধ এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগের সময় জোনায়েদ সাকি বলেন, ‘রাজধানীবাসী পরিবর্তন চায় এবং এই পরিবর্তন সম্ভব। রাজধানীবাসীর এই পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণের জন্যই আমি কাজ করতে চাই।’
প্রচারণা শুরুর সময় জোনায়েদ সাকির সঙ্গে ছিলেন বাম নেতা আবদুস সালাম, সংগীতশিল্পী অরূপ রাহী, নাট্যব্যক্তিত্ব আলী হায়দার, আলোকচিত্রী ও পোশাকশ্রমিক নেত্রী তাসলিমা আখতার, ফিরোজ আহমেদ ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
সিপিবি নেতা ও মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বেলা ১১টায় ঢাকা উত্তরে ভোটের জন্য প্রচারকাজ শুরু করেন। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহম্মেদ, কেন্দ্রীয় কমিটির নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন। এরপর তাঁরা বেড়িবাঁধ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন আবাসিক এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
ক্বাফী গণসংযোগকালে তাঁকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করার মাধ্যমে সবার জন্য বাসযোগ্য মানবিক ঢাকা গড়ে তোলার সুযোগ দিতে আহ্বান জানান। ‘স্বপ্নের ঢাকা গড়ব’ স্লোগান সামনে রেখে আজ থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের ছেলে ববি হাজ্জাজ।