জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন সমিতির সম্মেলন
বাসযোগ্য পৃথিবী গড়ায় রসায়নবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে
বিগত শতকের বিজ্ঞানচর্চা প্রাণিকুল ও মানুষের জীবন-যাপনে গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধন করেছে। এ ক্ষেত্রে রসায়নবিদেরা প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা ও বাসযোগ্য পৃথিবী গড়ায় তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। গতকাল শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ রসায়ন সমিতির তিন দিনব্যাপী ৩৩তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এসব কথা বলেন। বাংলাদেশ কেমিকেল কংগ্রেস ২০১০ নামে এবারের সম্মেলন পালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে রসায়ন বিভাগ ও বাংলাদেশ রসায়ন সমিতির যৌথ উদ্যোগে ‘কেমিস্টি ফর ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট’ শীর্ষক এ সম্মেলন উদ্বোধন করেন শিল্পমন্ত্রী। এ সময় উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির, কংগ্রেসের সাংগঠনিক কমিটির সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন আহমদ ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক তপন কুমার সাহা উপস্থিত ছিলেন।্রসম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. মুহিবুর রহমান। সম্মেলনে জার্মানি, সুইডেন, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, ভারত, মালয়েশিয়া ও ব্রুনাই থেকে ২০ জন রসায়নবিদ অংশ নিয়েছেন। এ ছাড়া রসায়নে বিশেষ অবদানের জন্য দক্ষিণ কোরিয়ার বিশিষ্ট রসায়নবিদ অধ্যাপক জাং ইল জিন এবং রসায়ন সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদকে সম্মানসূচক ফেলোশিপ দেওয়া হয়। সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক সৈয়দ সফিউল্লাহ। এ ছাড়া সম্মেলনে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এবং রসায়নের নতুন উদ্ভাবন সম্পর্কে দেশ-বিদেশের আমন্ত্রিত রসায়নবিদেরা প্রবন্ধ উপস্থাপন করেন। ্রশিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষিক্ষেত্রে শস্য উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক ও জৈব সার উৎপাদনে রসায়নবিদেরা নতুন নতুন ধারণার সন্নিবেশ ঘটাতে পারেন। তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য শিল্পায়নের ক্ষেত্রে রসায়নবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ ছাড়া এই কংগ্রেসের মাধ্যমে রসায়ন গবেষণা নতুন মাত্রা ও মানবকল্যাণে রসায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে তিনি মন্তব্য করেন। অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, বিগত দশকে বিশ্ব জলবায়ু পরিবর্তন, অব্যাহতভাবে বায়ু ও পানিদূষণ মানুষের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। এসব সমস্যা মোকাবিলায় রসায়নবিদদের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, এ ধরনের সম্মেলনের মধ্য দিয়ে শিল্পবর্জ্য ব্যবস্থাপনা, পানিদূষণ ও বায়ুদূষণ থেকে রক্ষার বিভিন্ন কৌশল আবিষ্কৃত হবে।