বাসযোগ্য শহর গড়তে কাল পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসযোগ্য শহরের জন্য নাগরিক মানসিকতার উত্তরণ ঘটাতে কাল শনিবার চট্টগ্রামে পদযাত্রার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম রিসার্চ ইনিশিয়েটিভ (সিআরআই) এ পদযাত্রার উদ্যোক্তা। ‘ওয়াকিং ফর চিটাগাং’ শিরোনামে এ পদযাত্রায় সর্বস্তরের নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সিআরআইয়ের প্রধান সমন্বয়ক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এ আহ্বান জানান।
হোসেন জিল্লুর রহমান বলেন, ‘দুই দশকে চট্টগ্রামের কলেবর বাড়লেও শ্রীবৃদ্ধি ঘটেনি। তাই কোটি টাকার স্থাপনার সামনেও খোলা ডাস্টবিন অহরহ চোখে পড়ছে; এর সঙ্গে রয়েছে অসহনীয় যানজট ও নগরবাসীর স্বাস্থ্যহীনতা। এসব বিষয়ে জনসম্পৃক্ততা ও সচেতনতা তৈরি করা দরকার। তাই আশা করছি, যে যেখানে, যতটুকু সময়ের জন্য পারবেন, এ পদযাত্রায় অংশ নেবেন।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য মো. সিকান্দর খান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান এ এস এম ফজলুল করিম, ব্যবসায়ী সৈয়দ মাহমুদুল হক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক চেয়ারম্যান মঈনুল ইসলাম মাহমুদ, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক প্রমুখ।