বাসরঘর থেকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমিকের বিয়ের খবরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিল মেয়েটি। আর প্রেমিক বিয়ের পর ঢুকেছিলেন বাসরঘরে। বেরসিক পুলিশ অভিযোগ পেয়ে তাঁকে বাসরঘর থেকে আটক করে। গত বৃহস্পতিবার পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, দুই বছর ধরে পৈলানপুর গ্রামের সাইফুলের (২২) সঙ্গে একই গ্রামের এক দিনমজুরের অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়ের প্রেমের সম্পর্ক চলছিল। বৃহস্পতিবার হঠাৎ করে সাইফুল পাশের গ্রামের এক মেয়েকে বিয়ে করে বাড়ি আনেন। এ খবর জানতে পেরে প্রেমিকা বাড়ির সবার অগোচরে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তার পাকস্থলী বিষমুক্ত করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সবিজুর রহমান জানান, মেয়েটি বর্তমানে আশঙ্কামুক্ত।থানার পরিদর্শক (ওসি) হাবিবুল ইসলাম জানান, মেয়েটির বাবার অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাত ১০টায় সাইফুলকে তাঁর বাড়ির বাসরঘর থেকে আটক করা হয়। তিনি আরও জানান, মেয়েটির মা-বাবার দাবি, প্রেমের ফাঁদে ফেলে তাঁদের মেয়েকে ধর্ষণ করেছেন সাইফুল। থানাহাজতে আনা অভিযোগ অস্বীকার করে সাইফুল বলেন, ‘আমার সঙ্গে ওই মেয়ের কোনো সম্পর্ক ছিল না।’হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটি বলে, ‘সাইফুল আমার সবকিছু কেড়ে নিয়ে প্রতারণা করেছে। তাই আমি তার কঠিন শাস্তি চাই।’ মেয়েটির মা বলেন, ওদের সম্পর্কের বিষয়টি জানার পর তিনি সাইফুলের মা-বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাঁরা বিয়েতে রাজি হননি।গত শুক্রবার মেয়েটির বাবা নারী ও শিশু নির্যাতন আইনে সাইফুলসহ দুজনকে আসামি করে একটি মামলা করেছেন। গতকাল শনিবার সাইফুলকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।