বাসশ্রমিক-গ্রামবাসী সংঘর্ষ, আহত ৪০, গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাসশ্রমিক ও গ্রামবাসীর মধ্যে কয়েক দফা সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। এক কলেজছাত্রকে মারধর করার জের ধরে উপজেলার মহসিন কলেজের সামনে গত সোমবার এ ঘটনা ঘটে। এ সময় গ্রামবাসী ১৫টি বাস ভাঙচুর করে। হামলা ও বাস ভাঙচুরের ঘটনায় গতকাল মঙ্গলবার কালীগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে বাস চলাচল করেনি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত সোমবার বেলা দশটায় মহসিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র মো. কামরুজ্জামান (১৯) ক্যাম্পাসে যাচ্ছিল। কলেজের সামনে আসার পর ভাড়া নিয়ে শ্রমিকদের সঙ্গে তার বচসা হয়। এ সময় বাসশ্রমিকদের হামলায় তার মাথা ফেটে যায়। খবরটা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্ররা কলেজের সামনের কালীগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে কালীগঞ্জসহ অন্যান্য স্থান থেকে সাত-আটটি বাস ও ট্রাকযোগে দুই শতাধিক শ্রমিক এসে ক্যাম্পাসে হামলা চালায়। প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা গেছে, শ্রমিকদের হামলায় কলেজছাত্র মিজান এবং আবদুস সাত্তার, হামজা আলী, মিজান, সাহানুর রহমান, আশুতোষ, বিকাশসহ ৪০ জন গ্রামবাসী আহত হন। এ সময় শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করায় কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কক্ষ এবং মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। এ খবর ছড়িয়ে পড়লে কলেজের পাশের হায়বাতপুরসহ কয়েকটি গ্রাম থেকে কয়েক হাজার মানুষ ঘটনাস্থলে এলে শ্রমিকেরা বাস ও ট্রাকযোগে চলে যায়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলরাম মণ্ডল গতকাল ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে শ্রমিকদের হামলায় কলেজের মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন এবং প্রশাসনের কাছে এ ঘটনার প্রতিকার চান। শ্যামনগর বাস-মিনিবাস মালিক সমিতির লাইন সেক্রেটারি তপন কাজী জানান, এ ঘটনায় বাসমালিক ও শ্রমিকদের পক্ষ থেকে মামলা হবে। শ্যামনগর থানার ওসি কাজী জালালউদ্দিন জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।