বাসশ্রমিকদের হাতে কলেজ ছাত্র প্রহূত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসশ্রমিকদের হাতে সহপাঠীর মারধরের শিকার হওয়াকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজের ছাত্ররা গতকাল বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশের লাঠিপেটা ও বাসশ্রমিকদের মারধরে কমপক্ষে ১৫ জন ছাত্র আহত হয়। আহত ছাত্রদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার বিচারের দাবিতে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। পুলিশ লাঠিপেটা করার কথা অস্বীকার করেছে।কলেজের ছাত্ররা জানায়, গতকাল সকালে কলেজের দ্বিতীয় বর্ষের কয়েকজন ছাত্র কাওরাকান্দি ঘাট থেকে কলেজে আসার জন্য একটি লোকাল বাসে ওঠে। একপর্যায়ে ভাড়া নিয়ে বাসের কর্মীদের সঙ্গে ছাত্রদের কথাকাটাকাটি হয়। এর জের ধরে ওই কর্মীরা বাসের মধ্যে এক কলেজছাত্রকে মারধর করে। ওই ছাত্র কলেজে গিয়ে এ ঘটনা সহপাঠীদের জানায়। পরে বিক্ষুব্ধ ছাত্ররা এর প্রতিবাদে কলেজের পাশে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্রদের লাঠিপেটা করে। এ সময় বাসশ্রমিকেরাও ছাত্রদের ওপর চড়াও হন। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন ছাত্র আহত হয়। এদের মধ্যে কলেজের প্রথম বর্ষের ছাত্র বিপু রহমানকে (১৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া দুজনকে শিবচর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়।