বরগুনায় গতকাল শনিবার বাসশ্রমিকদের হাতে মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বরগুনা-বেতাগী মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় শিক্ষার্থী ও বাসশ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বরগুনার সদর উপজেলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিলেন। এ সময় বরগুনা-বেতাগী সড়কের খাজুরতলা এলাকায় এলে কয়েকজন বাসশ্রমিক তাঁর মোটরসাইকেলটি আটকে দেন। এ সময় শিক্ষক মোশাররফ হোসেন বাসশ্রমিকদের মোটরসাইকেলটি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন এবং পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে তিনি বিদ্যালয়ে যাচ্ছেন বলে তাদের জানান। এতে উত্তেজিত হয়ে শ্রমিকেরা তাঁকে গালাগাল করে এবং তাঁর দিকে তেড়ে আসে। পরে তিনি অন্য রাস্তা দিয়ে বিদ্যালয়ে পৌঁছান। এ ঘটনা জানতে পেরে উত্তেজিত শিক্ষার্থীরা পরীক্ষা শেষে বেলা একটার দিকে বিদ্যালয়ের সামনের রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। খবর পেয়ে বরগুনা থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। অন্যদিকে বরগুনা থেকে বাসশ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করে। জেলা বাসমালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা ওই শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিকেল সাড়ে তিনটার দিকে অবরোধ তুলে নেয়।