বাসশ্রমিকের মৃত্যুতে দিশেহারা পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ভাই কোনো অপরাধে জড়ালে মনকে সান্ত্বনা দিতে পারতাম, কিন্তু কোনো অপরাধ না করে নিরপেক্ষ লোককে মেরে ফেলার বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছি না।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বললেন নিহত পরিবহন শ্রমিক নিজাম উদ্দিনের ছোট বোন স্বপ্না আক্তার। স্বপ্না জানান, তিনি নিজে এইম মেডিকেল ইনস্টিটিউটের শেষ বর্ষের শিক্ষার্থী। ডিসেম্বর মাসে তাঁর চূড়ান্ত পরীক্ষা। তাঁর বাবা আবদুল আজিজ প্রায় আট বছর আগে মারা যান। এরপর সংসারের হাল ধরেন নিজাম। তাঁর পড়াশোনার অধিকাংশ খরচ জোগাতেন নিজাম। পরীক্ষার ফি ও আনুষঙ্গিক খরচ সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে নিজাম আড়াই হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবশিষ্ট টাকা তাঁর মেজ ভাইয়ের দেওয়ার কথা ছিল। তিনি বলেন, ভাইয়ের মৃত্যুতে তাঁর পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন্দ্র নাথ ভদ্র প্রথম আলোকে বলেন, এজাহারভুক্ত দুজন আসামি পুলিশ প্রহরায় চিকিৎসাধীন আছেন। অজ্ঞাতনামা এক আসামিকে খোঁজা হচ্ছে। তিনি বলেন, ঘটনা তদন্তে জানা যায়, প্রাতর্ভ্রমণ শেষে ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ হেঁটে সিদ্দিকবাজারের বাসায় ফিরছিলেন। তিনি গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেটের সামনে এসে গুলিস্তান-বিমানবন্দর রুটের বাসের পেছনে কিছুক্ষণ দাঁড়ান। তখন গাড়িচালক যাত্রী মনে করে হাত ধরে টান দেন। এ নিয়ে ঘটনার সূত্রপাত হয়। পরে তা প্রাণহানিতে শেষ হয়।উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে পুরান ঢাকার সিদ্দিকবাজারের বাসিন্দা ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ প্রাতর্ভ্রমণ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় গুলিস্তান-বিমানবন্দর রুটের বাসচালক রাসেল নিয়াজ মোর্শেদের হাত ধরে গাড়িতে ওঠাতে চাইলে তিনি খেপে যান। এ ঘটনার জের ধরে বাসচালকের সহকারী নিজাম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়।