বাসসের সাবেক এমডি হোসাইন-উজ-জামান চৌধুরী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হোসাইন-উজ-জামান চৌধুরী (৮৩) গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলেসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জাতীয় প্রেসক্লাবে গতকাল দুপুরে জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে আবার জানাজার পর বিকেলে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আগামী শুক্রবার বাদ আসর রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টর জামে মসজিদে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে।

হোসাইন-উজ-জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক বিবৃতিতে তাঁরা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জানাজার আগে হোসাইন-উজ-জামান চৌধুরীর মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।

হোসাইন-উজ-জামান চৌধুরী ১৯৯৬ ও ১৯৯৯ সালে দুই দফায় বাসসের এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন।