বাসস্টেশন স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলা সদরের আন্তউপজেলা বাসস্টেশন স্থানান্তরের প্রতিবাদে এবং আগের জায়গায় বাসস্টেশন পুনর্বহালের দাবিতে গতকাল শনিবার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। শিক্ষার্থীরা জেলা প্রশাসকের বরাবর সঞ্চারকলিপিও দিয়েছে।
গতকাল বেলা ১১টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজারেরও বেশি শিক্ষার্থী খাগড়াছড়ির শাপলা চত্বরে মানববন্ধনে অংশ নেয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উত্তোলা ত্রিপুরা, প্রসেনজিৎ ত্রিপুরা, অরুণাশীষ চাকমা, রূপন চাকমা, জেসমিন চাকমা, অক্যাচিং মারমা, ওমেন্দ্র লাল ত্রিপুরা ও নাজির হোসেন।
বক্তারা বলেন, সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের কথা বিবেচনা না করে খাগড়াছড়ি পৌরসভার মেয়র খাগড়াছড়ি-পানছড়ি ও খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের বাসস্টেশন শহর থেকে অন্তত দুই কিলোমিটার দূরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। এতে দূরদূরান্ত থেকে আসা যাত্রী ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে তিন-চার গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে। বক্তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়কে মিছিল করে। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের বরাবর সঞ্চারকলিপি দেয়।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম ১১ সেপ্টেম্বর খাগড়াছড়ি-পানছড়ি সড়কের বাসস্টেশন স্বনির্ভর বাজারে এবং খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের বাসস্টেশন খাগড়াপুরের এম এন লারমা স্কয়ারে স্থানান্তরের নির্দেশ দেন।