বাসস্ট্যান্ড দখল করে আ.লীগ নেতা-কর্মীদের ব্যবসা!
জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকায় চার বছর আগে নির্মাণ করা বাসস্ট্যান্ডটি কাজে আসছে না। পরিবহন মালিক সমিতি ও সাবেক মেয়রের মধ্যে দ্বন্দ্বের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখানকার সাতটি কাউন্টার দখল করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ব্যবসা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭-০৮ অর্থবছরে পাঁচবিবি-জয়পুরহাট সড়কের গোহাটার পূর্ব পাশে বাসস্ট্যান্ড নির্মাণ করা হয়। এখানে একটি যাত্রীছাউনি, ক্যানটিন, সাতটি কাউন্টার ও দুটি ছোট দোকান আছে। বাসস্ট্যান্ডটি নির্মাণে ১১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা ব্যয় হয়। পৌরসভার তহবিল থেকে এ টাকা দেওয়া হয়। তৎকালীন মেয়র সামছুল আলম এটি নির্মাণ করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, অব্যবহূত অবস্থায় পড়ে থাকায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর কাউন্সিলর আবদুল হান্নান, ছাত্রলীগের উপজেলা কমিটির সভাপতি আকবর আলী, যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও স্থানীয় রুহুল আমিন সাতটি কাউন্টার দখল করেছেন। তাঁরা এখানে চাল, খড় ও বিভিন্ন মাল বিক্রির ব্যবসা করছেন। সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদক পাঁচবিবি পৌরসভার বাসিন্দা জাহাঙ্গীর আলম চৌধুরী ও মোটর শ্রমিক ইউনিয়নের জেলা শাখার সহসম্পাদক ইকবাল হোসেন জানান, বাসস্ট্যান্ডে বাস-মালিকদের জন্য নয়টি কাউন্টার রাখার কথা থাকলেও সাবেক পৌর মেয়র সামছুল আলম সাতটি কাউন্টার নির্মাণ করেছেন। ক্যানটিন ও দোকান পরিবহন-মালিকদের দেওয়ার কথা থাকলেও তা তিনি দেননি। নিয়মানুযায়ী পরিবহন সমিতির লোকদের কাছে বাসস্ট্যান্ড দাপ্তরিকভাবে হস্তাস্তর করার কথা পৌরসভার। কিন্তু সেভাবেও হস্তান্তর করা হয়নি। জাহাঙ্গীর আলম চৌধুরী ও ইকবাল হোসেন জানান, বাসস্ট্যান্ডে বাস রাখার জন্য পাকা রাস্তা নির্মাণ করা হয়নি। এসব কারণে এটি ব্যবহার করা যাচ্ছে না। সরেজমিনে দেখা গেছে, পাঁচবিবি-জয়পুরহাট সড়কের তিনমাথা এলাকায় বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো হচ্ছে। আর সড়কের পাশে পুরোনো নয়টি কাউন্টার বাস-মালিকেরা ব্যবহার করছেন। সড়কে বাস থামিয়ে রাখায় ওই স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। পৌর কাউন্সিলর আবদুল হান্নান বাসস্ট্যান্ড দখল করে ব্যবসা করার কথা স্বীকার করেছেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, পৌরসভা থেকে বাসস্ট্যান্ডের কাউন্টার ইজারা নেওয়ার প্রক্রিয়া চলছে। রুহুল আমিন বলেন, ‘আমরা পৌরসভা থেকে দোকান বরাদ্দ পাওয়ার আশায় আবদুল হান্নান কাউন্সিলরকে বলে উঠেছি। বরাদ্দ পেলে নিয়মানুযায়ী ইজারা নেব।’সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। বর্তমান পৌর মেয়র হাবিবুর রহমান জানান, অপরিকল্পিতভাবে বাসস্ট্যান্ডের স্থাপনা নির্মাণ করায় পৌর আয়ের মূল উৎস গোহাটার স্থান সংকুচিত হয়েছে। এতে সরকারি অর্থের অপচয় হয়েছে। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বলেন, ‘আমি জয়পুরহাটে যোগ দেওয়ার আগেই পাঁচবিবি বাসস্ট্যান্ড নির্মাণ করা হয়েছে। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’