বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীছাউনি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের আটটি বাসস্ট্যান্ড এলাকায় কোনো যাত্রীছাউনি নেই। এতে যাত্রীরা রোদ ও বৃষ্টিতে চরম ভোগান্তির শিকার হচ্ছে।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ওই মহাসড়কের শেরপুর পৌর শহরেই রয়েছে তিনটি বাসস্ট্যান্ড। এ ছাড়া উপজেলার পাঁচ ইউনিয়নে রয়েছে আরও পাঁচটি বাসস্ট্যান্ড। যাত্রীছাউনির অভাবে প্রতিটি বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের রোদে পুড়তে ও বৃষ্টিতে ভিজতে হচ্ছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো ফল মিলছে না। এ সমস্যা সমাধানে বগুড়ার সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বা উপজেলা পরিষদ কেউ পদক্ষেপ নিচ্ছে না।
গত ২৮ সেপ্টেম্বর সকালে শেরপুর শহরের ধুনট রোড বাসস্ট্যান্ডে দেখা যায়, ঝিরঝিরে বৃষ্টির মধ্যে বাসের জন্য অপেক্ষা করছে যাত্রীরা। যাত্রীদের মধ্যে স্কুলপড়ুয়া শিশুরাও রয়েছে।
ওই দিন বিকেলে শহরের করতোয়া বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষায় করছিলেন খাদিজা খাতুন (৩৫) নামের এক নারী। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জনসেবার মধ্যে কি যাত্রীছাউনি পড়ে না? আসলে জনগণের কষ্ট দেখার লোকের বড় অভাব।’
দুপুরে ছোনকা বাসস্ট্যান্ডে গিয়ে কথা হয় বাসযাত্রী আমজাদ হোসেনের সঙ্গে। তিনি জানান, যাত্রীছাউনির অভাবে প্রখর রোদে তাঁদের পুড়তে হয় আর বৃষ্টি এলেও ভিজতে হয়। কিন্তু এ সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসছেন না।
বগুড়ার বাস-মিনিবাস মালিক সমিতির শেরপুর উপজেলা শাখা কার্যালয়ের সভাপতি নূরুল ইসলাম জানান, শেরপুর পৌর টার্মিনালে তাঁরা নিয়মিত টোল দিলেও পৌর কর্তৃপক্ষ এ সমস্যা নিরসনে কোনো উদ্যোগ নেয়নি। পাশাপাশি বগুড়া সওজ বিভাগকে এ ব্যাপারে একাধিকবার জানালেও তারাও কোনো পদক্ষেপ নিচ্ছে না।
শেরপুর পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুণ্ডু জানান, পৌর শহরের দুটি টার্মিনালে যাত্রীছাউনি না থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পের মাধ্যমে দুটি অত্যাধুনিক টার্মিনাল নির্মাণ করার উদ্যোগ নেওয়া হবে। অত্যাধুনিক টার্মিনাল হলে শহরের যাত্রীদের দুর্ভোগ অনেক কমে যাবে।
শেরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুর রহমান জানান, এ সড়কের দেখভাল করে সওজ। কাজেই এ সমস্যা সমাধানের দায়িত্ব তাদের, উপজেলা পরিষদের নয়।
এ ব্যাপারে বগুড়া সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান প্রথম আলোকে জানান, তাঁদের কাছে যে বরাদ্দ আসে তা নির্দিষ্ট কিছু উন্নয়ন ও মেরামতের বিপরীতে। ওই সব বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নির্মাণ করার মতো কোনো বরাদ্দ তাঁদের কাছে নেই।