রাসায়নিক বিষক্রিয়া, খাদ্যের অভাব ও উঁচু গাছপালা ধ্বংসের কারণে ‘প্রকৃতির পরিচ্ছন্নকর্মী’ বাংলা শকুন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই প্রাণীটির সংরক্ষণে অসুস্থ গবাদিপশুর শরীরে নিষিদ্ধ ও শকুনের জন্য ক্ষতিকর ওষুধ প্রয়োগ না করা, বনাঞ্চলের উঁচু গাছ রক্ষা এবং মৃত গবাদিপশু ফেলার নির্দিষ্ট ভাগাড় সৃষ্টি করা প্রয়োজন। সাধারণ মানুষের মধ্যে শকুন সম্পর্কে সচেতনতাও বাড়াতে হবে৷
গত শুক্রবার বিকেলে মৌলভীবাজার শহরের একটি রেস্তোরাঁয় ‘শকুন সংরক্ষণে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে শকুনের জন্য নিরাপদ এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ’ শীর্ষক এক কর্মশালায় শকুন বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারী বক্তারা এসব কথা বলেন৷ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) শকুন সংরক্ষণে বাংলাদেশ প্রকল্প এ কর্মশালার আয়োজন করে৷
কর্মশালায় শকুনের উপকারী ভূমিকা, বাংলাদেশ ও বিশ্বে শকুনের বর্তমান অবস্থা এবং শকুন সংরক্ষণে দেশ-বিদেশের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। বক্তব্য দেন সেভিং এশিয়ানস ভালচারস ফ্রম এক্সটিংশনের ভালচার প্রকল্প ব্যবস্থাপক শকুন বিশেষজ্ঞ ক্রিস বাউডেন, রয়েল সোসাইটি ফর প্রোটেকশন অব বার্ডের (আরএসপিবি) শকুনের জন্য নিরাপদ অঞ্চলের সমন্বয়ক অনন্যা মুখার্জি, বন্য প্রাণী গবেষক তানিয়া খান, আইইউসিএনের শকুন সংরক্ষণে বাংলাদেশ প্রকল্পের প্রধান অনুসন্ধানকারী এ বি এম সারওয়ার আলম, আইইউসিএনের সহকারী প্রাণিবিদ রাসেল আহমদ, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পক্ষীবিদ আল্লামা শিবলী সাদিক, সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মুনির আহমেদ খান, বন বিভাগের রেমা বিটের বিট কর্মকর্তা তোফাজ্জল হোসেন এবং শকুন সংরক্ষণে স্থানীয় পর্যায়ে গঠিত বিভিন্ন কমিটির সদস্যরা।