বাসা খুঁজতেও ছেলেধরা সন্দেহ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ভাড়া বাসা খুঁজতে গিয়ে গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকায় গতকাল বুধবার ‘ছেলেধরা’ সন্দেহে এক যুবককে পিটুনি দেয় এলাকাবাসী। পরে তাঁকে পুলিশের হেলমেট ও জীবনরক্ষাকারী জ্যাকেট পরিয়ে আহতাবস্থায় উদ্ধার করা হয়।‘ছেলেধরা’ সন্দেহে এর আগে গত শনিবার কালিয়াকৈরে এবং গত সোমবার সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় দু্ই নারীসহ তিন প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে ভোগড়া এলাকায় একটি ভাড়া বাসা খুঁজতে যান জামালপুরের ইসলামপুর উপজেলার আনোয়ার হোসেন (২৮)। কিন্তু এলাকাবাসী তাঁকে ‘ছেলেধরা’ সন্দেহে ধাওয়া দিয়ে পিটুনি দেয়। একপর্যায়ে স্থানীয় হোসেনের বাড়িতে ঢুকে আশ্রয় নেন আনোয়ার। এর মধ্যে শত শত লোক ‘ছেলেধরা’ আটক পড়েছে, এমন খবরে জড়ো হয়ে আনোয়ারকে মারধরের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আনোয়ারকে হেলমেট ও জ্যাকেট পরিয়ে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। রাত ১১টা পর্যন্ত জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে ছিলেন তিনি।জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সুজায়েত জানান, ‘আনোয়ার ওই এলাকায় বাসা খুঁজতে গেলে লোকজন “ছেলেধরা” সন্দেহে পিটুনি দেয়। অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।’