বাসা থেকে ডেকে নিয়ে গাড়িচালককে হত্যা
গাজীপুর শহরে গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা বাসা থেকে ডেকে নিয়ে কালা মানিক (৩৫) নামের এক মাইক্রোবাস চালককে হত্যা করেছে। নিহত মানিক ময়মনসিংহের নান্দাইল উপজেলার কামালপুর এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, শহরের শিববাড়ি মাইক্রোবাস স্ট্যান্ড থেকে গাড়ি চালাতেন মানিক। তিনি পরিবার নিয়ে শহরের রথখোলা এলাকায় খোকন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে দুই যুবক তাঁকে বাসা থেকে ডেকে মোটরসাইকেলে করে নিয়ে যান। এরপর আর তিনি বাসায় ফেরেননি। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এলাকাবাসী জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে মানিক মারা যান। তাঁর মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত ব্যক্তির স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, যে দুই যুবক বাসা থেকে মানিককে ডেকে নেন, তাঁদের মধ্যে আরিফ হোসেন নামের একজন ছিলেন। আরিফ তাঁর স্বামীর পূর্বপরিচিত। তবে কেন মানিককে হত্যা করা হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, নিহত ব্যক্তির মা ফজিলা খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। খুনিদের গ্রেপ্তারে অভিযান চলছে। লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।