বাসা থেকে ডেকে নিয়ে খুন করা হয় ব্যবসায়ী রতনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যাচারি ব্যবসায়ী রতন রায় (৪৫) খুনের রহস্য উদ্ঘাটিত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। গত ২০ জুন দুর্বৃত্তরা তাঁকে চট্টগ্রাম নগরের হেমসেন লেনের বাসা থেকে ডেকে নিয়ে খুন করে। খুনের কাজে ব্যবহূত মাইক্রোবাসটি উদ্ধার করেছে পুলিশ।নগরের কোতোয়ইল থানা ও গোয়েন্দা পুলিশ তিন দিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও কিশোরগঞ্জে অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: মো. জামিল (৪০), মনির হোসেন (৫০), মো. ইউসুফ হোসেন (৩৫), গোলাম মোস্তফা (৩০), রবিউল আলম (৩২) ও ইদ্রিস মিয়া (৬০)। গতকাল তাঁদের পুলিশ কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জে রতনের একখণ্ড জমি ছিল। ওই জমি দখলের পাঁয়তারা করছিল ভূমিদস্যু ইদ্রিস মিয়া ও অন্যরা। এ জন্য রতনকে খুন করার জন্য ইদ্রিস দুই লাখ টাকায় সন্ত্রাসীদের ভাড়া করে।’ মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা জানান, রবিউল গত ১৩ জুন রতনের রাউজানের হ্যাচারিতে গিয়ে বিপুল পরিমাণ পোনা কেনার প্রস্তাব দেন। রতন পোনা বিক্রিতে রাজি হলে রবিউল রতনকে তাঁর (রবিউলের) নরসিংদীর মৎস্য প্রকল্প দেখে আসার প্রস্তাব দেন। রতন এ প্রস্তাবে রাজি হন। পরে ২০ জুন বিকেল সাড়ে পাঁচটায় রতনকে ফোনে নরসিংদী যাওয়ার জন্য ডেকে নেওয়া হয়। রতন কাজীর দেউড়িতে রবিউলদের ভাড়া করা মাইক্রোবাসে ওঠেন। গ্রেপ্তার হওয়া রবিউল সাংবাদিকদের বলেন, ‘মাইক্রোতে ওঠার কিছুক্ষণ পর রতনের মুঠোফোন কেড়ে নেওয়া হয়। ফেনী পার হওয়ার পর গাড়ির ভেতরেই রতনকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। এ সময় অন্যরা আমাকে সহযোগিতা করে।’ গাড়িচালক ইউসুফ বলেন, লাশটি নোয়াখালীর সেনাবাগ থানার সেবারহাট নামক স্থানে ফেলে দেওয়া হয়।সূত্র জানায়, সেনবাগ থানার পুলিশ পরদিন লাশটি উদ্ধার করে। বুধবার রাতে রতনের আত্মীয় শিবু ধর সেনবাগ থানায় গিয়ে লাশের ছবি দেখে রতনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হন। প্রসঙ্গত, রতনের খোঁজ না পেয়ে তাঁর স্ত্রী মুন্নী রায় গত ২৪ জুন কোতোয়ালি থানায় মামলা করেছিলেন।