তিন মাস আগে রমনা থানাধীন মীরবাগের একটি বাসা থেকে চুরি হয় ১০ মাসের শিশু আবদুল্লাহ। ঘটনার পর থানায় প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) ও পরে মামলা হয়। কিন্তু গতকাল বুধবার পর্যন্ত উদ্ধার হয়নি শিশুটি। পুলিশ বলছে, তারা চেষ্টা করছে।
ছেলেকে হারিয়ে দিশেহারা মা রিনা বেগম বলেন, ‘পুলিশের কাছে গেলে শুধু আশ্বাস পাই, ছেলেকে পাই না। আমি আমার ছেলে চাই।’
আবদুল্লাহর পরিবারের সদস্যরা জানিয়েছেন, রিনা বেগম গৃহকর্মীর কাজ করেন। গত ১ মে তিনি তিন সন্তান আবদুল্লাহ, বড় ছেলে রিয়েল (১৩) ও মেয়ে রিপাকে (১০) নিয়ে মীরবাগের নতুন মসজিদ গলির সি/১৩ নম্বর বাসার একটি কক্ষে ওঠেন। রিয়েল মধুবাগের উজ্জীবন গলিতে একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করে। গত ১৮ জুন সকাল সাড়ে আটটার দিকে রিয়েল তার কর্মস্থলে যায়। সকাল সোয়া নয়টার দিকে রিনা বেগম বাসা থেকে একটু দূরের একটি বাড়িতে কাজ করতে যান। এ সময় আবদুল্লাহর সঙ্গে বাসায় ছিল তার বড় বোন রিপা। সকাল ১০টার দিকে আবদুল্লাহকে ঘুমন্ত অবস্থায় বিছানায় রেখে পাশের রান্নাঘরে যায় রিপা। মিনিট পাঁচেক পরে রিপা রান্নাঘর থেকে ফিরে দেখে আবদুল্লাহ বিছানায় নেই। প্রতিবেশীদের কাছে আবদুল্লাহর খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে রিপা তার মায়ের কর্মস্থলের দিকে যায়। পথেই মায়ের সঙ্গে রিপার দেখা হয়। সারা দিন খোঁজাখুঁজি করেও আবদুল্লার সন্ধান না পেয়ে রমনা থানায় জিডি করেন রিনা বেগম। পরে এ ঘটনায় গত জুলাই মাসে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে রমনা থানায় শিশু অপহরণের অভিযোগে একটি মামলা হয়।
রিনা বেগম বলেন, বাসার আশপাশের কেউ ছাড়া এই অল্প সময়ের মধ্যে আবদুল্লাহকে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাঁর সন্দেহ, একই এলাকার ১৬ নম্বর গলির সুকুরান (৫০) নামের এক নারী আবদুল্লাহকে চুরি করেছেন। রিনা বলেন, সুকুরান মাঝেমধ্যেই তাঁর বাসায় আসতেন, আবদুল্লাহকে কোলে নিতেন। আবদুল্লাহ চুরি হওয়ার পর সুকুরানের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ঘটনার ১৫-২০ দিন পর একবার সুকুরানকে এলাকায় দেখা গিয়েছিল। দেখামাত্র সুকুরান পালিয়ে যান। তাঁর দাবি, ঘটনার দিন সকালে সুকুরানের কোলে এক শিশুকে দেখেছেন স্থানীয় এক নারী। ওই নারী পুলিশের কাছে সাক্ষ্য দিয়েছেন। তারপরও আবদুল্লাহ উদ্ধার হচ্ছে না।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, অবুঝ এই শিশুকে কে বা কারা নিয়ে গেল সে সম্পর্কে কোনো সূত্রই পাওয়া যাচ্ছে না। সন্দেহজনক ও সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। তবে এখনো চেষ্টা চলছে। তিনি বলেন, শিশুটির মায়ের সন্দেহ অনুযায়ী সুকুরানকে মাগুরা থেকে ঢাকায় এনে গ্রেপ্তার দেখানো হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য পাওয়া যায়নি। সুকুরান এখন কারাগারে আছেন। মামলার সাক্ষী সম্পর্কে এসআই বলেন, ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে ওই নারী সুকুরানের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন বলে পরে তদন্তে জানা গেছে।