বাসা থেকে 'উধাও' হওয়া সনদ পাওয়া গেল হলের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের পাশে গতকাল সোমবার সকালে আবর্জনা ফেলতে গিয়ে দুটি সনদ পড়ে থাকতে দেখেন ঝাড়ুদার সিরাজুল ইসলাম। এর একটি ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক নিহত দিয়াজ ইরফান চৌধুরীর স্নাতক (সম্মান) পাসের সনদ। অন্যটি তাঁর বাবার মুক্তিযোদ্ধা সনদ। পরে বিষয়টি হল কর্তৃপক্ষকে জানান সিরাজুল ইসলাম। হল কর্তৃপক্ষ প্রক্টর অফিসকে ঘটনাটি জানায়। প্রক্টর ও হাটহাজারী থানার পুলিশ গিয়ে সনদ দুটি উদ্ধার করে।
বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধারের পর থেকে ওই সনদ দুটি খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে দাবি করেছে তাঁর পরিবার। সনদ খুঁজে পাওয়ার বিষয়ে ঝাড়ুদার সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি ময়লা ফেলতে হলের দক্ষিণ পাশে গেলে দুটি কাগজ দেখতে পাই। ভালো করে তাকিয়ে দেখি এগুলো কারও সনদ। বিষয়টি হল কর্তৃপক্ষকে জানাই। হল কর্তৃপক্ষ প্রক্টরিয়াল বডি ও পুলিশকে বিষয়টি জানালে তারা এসে সনদ দুটি নিয়ে যায়।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, গতকাল সকাল সাড়ে ১০টায় হল কর্তৃপক্ষ দুটি সনদ হলের দক্ষিণ পাশের পানির ট্যাংকের সামনে পড়ে আছে বলে জানায়। সনদ দুটির একটি দিয়াজের স্নাতকের ও আরেকটি তাঁর বাবার মুক্তিযোদ্ধা সনদ। সনদ দুটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে।
সনদগুলো পাওয়ার পর এটা স্পষ্ট হলো মামলার আসামিরাই দিয়াজকে হত্যা করেছে—এ দাবি করেছেন দিয়াজের বড় বোন জুবাঈদা ছরওয়ার চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, দ্বিতীয় ময়নাতদন্তে দিয়াজের মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ কারণে ভয় পেয়ে আসামিরা সনদগুলো ফেলে রেখে পালিয়ে গেছে। তিনি বলেন, দিয়াজ হত্যার পর থেকে তাঁর মুঠোফোন ও সনদগুলো পাওয়া যাচ্ছিল না। খুনিরা যাওয়ার সময় মুঠোফোন ও সনদগুলো নিয়ে যায়।
গত ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২ নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর ২২ দিন আগে দিয়াজসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতার বাসায় তাণ্ডব চালানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৯৫ কোটি টাকার দরপত্রের ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির অনুসারী নেতা-কর্মীরা ওই হামলা চালান বলে অভিযোগ ওঠে। দিয়াজ আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরে কেন্দ্রীয় রাজনীতিতে গেলেও ক্যাম্পাসে তাঁর বেশ প্রভাব ছিল। তাঁর লাশ উদ্ধারের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতিসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
গত রোববার ঢাকা মেডিকেল কলেজে দিয়াজের লাশের দ্বিতীয় দফা ময়নাতদন্ত হয়। দ্বিতীয় ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, মরদেহে ‘আঘাতের চিহ্ন’ রয়েছে। এর আগে গত ২১ নভেম্বর দিয়াজের মরদেহের প্রথম ময়নাতদন্ত হয়। ২৩ নভেম্বর পুলিশ জানায়, দিয়াজ আত্মহত্যা করেছেন বলে মত দিয়েছেন চিকিৎসকেরা। ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে তাঁর পরিবার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশ।