বাসা নিয়ে সংকটে অবিবাহিতরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনার পর রাজধানীতে বাসা নিয়ে সংকটে পড়েছেন অবিবাহিতরা। অধিকাংশ আবাসিক এলাকায় এরই মধ্যে ফটকে অবিবাহিতদের বাসা ভাড়া দেওয়া হবে না মর্মে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। এমনকি দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে আছেন, এমন অবিবাহিতদের বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দিচ্ছেন বাড়িওয়ালারা।
তবে পুলিশ বলছে, অবিবাহিতদের বাসা ভাড়া না দেওয়ার বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি পুলিশ। শুধু ভাড়াটেদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে থানায় জমা দেওয়ার বিষয়ে বাড়িওয়ালাদের প্রতি নির্দেশনা রয়েছে। তাই এ ক্ষেত্রে বাড়িওয়ালাদের বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। নিপীড়নের শিকার হলে এ ক্ষেত্রে অবিবাহিতরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে পারবেন।
বাসা ভাড়ার বিষয়ে অবিবাহিতদের এই সংকটের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও গণমাধ্যম শাখার দায়িত্বরত (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান রাজধানীর মিন্টো রোডে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ব্যাচেলরদের বাড়ি ভাড়া না দেওয়া কিংবা বাড়িছাড়া করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বলা হয়েছে, শুধু পূর্ণাঙ্গ তথ্যগুলো যেন সংশ্লিষ্ট থানায় দেওয়া হয়। এর মধ্যে জাতীয় পরিচয়পত্র, অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ছবি, বয়স, স্থায়ী ঠিকানাসহ বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে।
মাসুদুর রহমান বলেন, জনগণকে স্বস্তি দেওয়ার জন্য এই তথ্যগুলো দিতে বলা হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার সুযোগ নেই। যারা শান্তিপ্রিয় তারা তথ্য দিচ্ছে। সমস্যা মোকাবিলায় নাগরিক সহায়তার অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
গুলশানে হলি আর্টিজানে হামলার ঘটনায় নিহত এবং তাদের সহযোগীরা হামলার আগে রাজধানীর বসুন্ধরায় অবিবাহিত হিসেবে একটি বাসা ভাড়া নিয়েছিল বলে দাবি পুলিশের। তারও আগে তারা ঝিনাইদহে একটি বাসা ভাড়া নিয়েছিল। কল্যাণপুরে নিহত জঙ্গিরাও অবিবাহিত হিসেবে বাসা ভাড়া নিয়েছিল। শোলাকিয়ায় পুলিশের ওপর হামলাকারীরা হামলার কয়েক দিন আগে সেখানে একটি বাসায় উঠেছিল। এই তিনটি ঘটনায়ই পুলিশ ওই বাড়িওয়ালাদের গ্রেপ্তার করেছে অবিবাহিতদের বাসা ভাড়া দেওয়ার অভিযোগে নয়, তাদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ করে থানায় না দেওয়ায়। এই ঘটনাগুলোকে অজুহাত হিসেবে নিয়েই বাড়ির মালিকেরা এখন উদ্যোগী হয়েছেন অবিবাহিতদের তাড়াতে।
মিরপুরের শেওড়াপাড়া এলাকায় একটি ফ্ল্যাট বাড়িতে দীর্ঘদিন ধরে থাকেন মামুন আবদুল্লাহ ও তাঁর দুই বন্ধু। তিনজনই চাকরি করেন নামকরা প্রতিষ্ঠানে। গত শুক্রবার ফ্ল্যাটের মালিকেরা বসে সিদ্ধান্ত নিয়েছেন, অবিবাহিতদের আর তাঁরা বাসা ভাড়া দেবেন না। তাই আগামী সেপ্টেম্বর মাসের শুরু থেকেই বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামুন আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, সকালে অফিসের কাজে বের হয়ে তাঁরা তিনজনই রাতে বাসায় ফেরেন। তাঁদের বিরুদ্ধে বাড়িওয়ালাদেরও কোনো অভিযোগ নেই। কিন্তু হঠাৎ অনেকটা জোর করেই তাঁদের বাসাছাড়া করা হচ্ছে।