বাসাইল পৌরসভায় দলীয় বিবেচনায় ২০ কাউন্সিলর!
টাঙ্গাইলের নবগঠিত বাসাইল পৌরসভার প্রশাসককে সহায়তা করার জন্য ২৯ সদস্যবিশিষ্ট পৌর কমিটি গঠন করে দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাঁদের মধ্যে ২০ জনই স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মী। বাকি নয়জন সাবেক বাসাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য।পৌর কাউন্সিলর হিসেবে পরিচয় দিয়ে পৌর কমিটির ৩০ জনই পৌরসভার সব কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। অথচ পৌরসভার নয়টি ওয়ার্ডের নয়জন ও সংরক্ষিত নারী আসনে তিনজন কাউন্সিলরের পদ রয়েছে। এখন ২৯ জন পৌর পরিষদ সদস্য কাউন্সিলর হিসেবে কর্মকাণ্ডে অংশ নেওয়ায় নানা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে বলে পৌরসভার সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।পৌর কমিটিতে স্থান পাওয়া অবলুপ্ত বাসাইল ইউপির চেয়ারম্যান-সদস্য নয়জন ছাড়া বাকি সবাই স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মী বলে প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে। তাঁরা হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজাদ খানশুর, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজলুর রহমান, মহিলাবিষয়ক সম্পাদক নাসিমা আক্তার, সহ-দপ্তর সম্পাদক মামুন খানশুর, সদস্য আকবর হোসেন, মির্জা আলম, খলিলুর রহমান, এইচ এম এরশাদ আলম, কাজী এমদাদ আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সুভা রানী পাল, শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুর রশিদ আল মাসুম, আওয়ামী লীগের কর্মী তুলা মিয়া ও আবু আলম এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন। যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, সদস্য খন্দকার ওয়াহিদুজ্জামান জুলিয়াস, সুনিল চন্দ্র সরকার, আবু আহামঞ্চদ হোসেন ও জহিরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রতন মিয়াকে সদস্য করা হলেও তিনি পদত্যাগ করেছেন।পৌরসভার সচিব আবদুস সালাম বলেন, ২৯ জনকে ওয়ার্ড ভাগ করে দায়িত্ব দেওয়ার সুযোগ নেই। এক এলাকায় একাধিক কাউন্সিলর দায়িত্ব পালন করছেন। অবলুপ্ত বাসাইল ইউপি ও বর্তমান পৌর কমিটির সদস্য মো. আক্তারুজ্জামান বলেন, ভাতাপ্রাপ্ত ১২ জন কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের কথা। কিন্তু ক্ষমতার দাপটে সরকারি দলের সবাই কাউন্সিলর হিসেবে পরিচয় দিচ্ছেন। পৌর পরিষদের সভায় তাঁরাই সংখ্যাগরিষ্ঠ। তাই আমাদের কথা বলার সুযোগ থাকে না। দলীয় লোকদের দিয়ে পৌরসভার কমিটি গঠন প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, আওয়ামী লীগ পৌরসভা করেছে তাই আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি করে কর্মীদের খুশি করা হয়েছে।