বাসাইলে কবর থেকে ১১টি কঙ্কাল চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের বাসাইল উপজেলার একটি কবরস্থানের ১১টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে হাবলা ইউনিয়নের গুল্লা গ্রামের সামাজিক কবরস্থানে এ ঘটনা ঘটে।
হাবলা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আকবর আলী জানান, সকালে স্থানীয় লোকজন একটি কবর খোঁড়া দেখতে পেয়ে কবরস্থানের ভেতরে যান। এ সময় তাঁরা ১২টি পুরোনো কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। সেগুলোর ১১টিতে কঙ্কাল নেই। পরে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) পংকজ চন্দ্র রায় গতকাল বুধবার বিকেলে বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরেছি। রাতের আঁধারে কে বা কারা কবর থেকে মানবদেহের হাড়গোড় চুরি করেছে, এখন পর্যন্ত তা জানা যায়নি। বিষয়টি আমরা তদন্ত করে দেখব।’