বাসাইলে পুলিশের বিরুদ্ধে একজনকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের বাসাইল উপজেলার সুন্না গ্রামে পুলিশ সদস্যরা গতকাল মঙ্গলবার লাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্যকে পিটুনি দিয়ে আটকে রাখে ক্ষুব্ধ এলাকাবাসী।হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসী গতকাল সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে আজ বুধবার বাসাইলে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। নিহত লাল মিয়া সুন্না গ্রামের আনতাজ আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য গোলযোগ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল বিকেল পাঁচটার দিকে বাসাইল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসেন, এএসআই সুরুজ্জামান, কনস্টেবল সারোয়ার হোসেন ও শামীম রেজা সাদা পোশাকে সুন্না এলাকায় যান। থানার রেজিস্টারে তাঁদের সেখানে যাওয়ার কোনো বিবরণ ছিল না বলে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান নিশ্চিত করেছেন।স্থানীয় লোকজন জানান, ওই সময় কয়েকজন লোক সুন্না গ্রামে তাস খেলছিলেন। পুলিশ দেখে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা লাল মিয়াকে পিটিয়ে পাশের পুকুরে ফেলে দেন পুলিশ সদস্যরা। পরে তাঁরা পুকুরে নেমে লাল মিয়াকে পানিতে চোবান। পুলিশ সদস্যরা পুকুর থেকে ওঠার পরপর তাদের ঘিরে রাখে স্থানীয় লোকজন। কয়েকজন লাল মিয়াকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. শরিফুর রহমান তাঁকে মৃত ঘোষণা করেন। লাল মিয়ার মৃত্যুর পর ক্ষুব্ধ হয়ে ওঠে সুন্না গ্রামবাসী। তারা চার পুলিশ সদস্যকে পিটুনি দিয়ে একটি ঘরে আটকে রাখে। পরে তারা বাসাইল পৌর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে সকাল-সন্ধ্যা হরতালের স্লোগান দেয়। একপর্যায়ে থানায় আক্রমণের চেষ্টা করে ক্ষুব্ধ জনতা। এ সময় থানার প্রধান ফটক বন্ধ ছিল। পরে বাসাইল বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করে জনতা। তারা দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। রাত আটটার দিকে তিনি প্রথম আলোকে বলেন, রাতে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন আরা বেগম স্থানীয় উত্তেজিত জনতার সঙ্গে বৈঠক করে পুলিশ সদস্যদের বিচারের আশ্বাস দিয়ে তাঁদের মুক্ত করেছেন।সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, চার পুলিশ সদস্যকে ছাড়িয়ে নিয়ে জেলা পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।