বাসাইলে মেয়র হলেন মজিবর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের নবগঠিত বাসাইল পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান তিন হাজার ৭৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত এনামুল করিম মিয়া মাত্র ১৯ ভোট কম পেয়েছেন। নির্বাচনের আগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ নিয়ে প্রার্থীরা নানা শঙ্কার কথা বলেছিলেন। কিন্তু গতকাল শনিবার ভোট গ্রহণকালে কোনো শঙ্কার কথা শোনা যায়নি। বিজয়ী মেয়র বলেন, ইভিএম পদ্ধতিই ভালো। এতে ভোট নষ্ট হয় না। তবে এই পদ্ধতিতে ভোট গ্রহণ নিয়ে ব্যাপক প্রচারণার প্রয়োজন ছিল। তা হলে ভোটাররা শঙ্কিত হতেন না। নির্বাচনে মেয়র পদে অপর চার প্রার্থীর মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগ-সমর্থিত রাহাত হাসান দুই হাজার ৭২১ ভোট, আওয়ামী লীগ-সমর্থিত মশিউর রহমান খান দুই হাজার ১৭৬ ভোট, বিএনপির বিদ্রোহী প্রার্থী অহিদুল ইসলাম ৭১৯ ভোট এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছানোয়ার রহমান খান ২৩৭ ভোট পেয়েছেন। দুপুর দেড়টার মধ্যে ৭০ শতাংশ ভোট গ্রহণ হয়। প্রতিটি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ১৪ হাজার ৩২৯ জন ভোটারের মধ্যে ১২ হাজার ১২৮ জন ভোট দিয়েছেন বলে সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শাহিন আরা বেগম জানিয়েছেন। তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে জুলেখা বেগম, ২ নম্বরে শারমিন আক্তার ও ৩ নম্বরে সেলিনা বেগম বিজয়ী হন। নয়টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে হাফিজুর রহমান, ২ নম্বরে জহিরুল ইসলাম, ৩ নম্বরে মামুন খানশুর, ৪ নম্বরে দেলোয়ার মিয়া, ৫ নম্বরে সাইফুল ইসলাম, ৬ নম্বরে শাহ আলম মিয়া, ৭ নম্বরে খলিলুর রহমান, ৮ নম্বরে সাজ্জাদ হোসেন ও ৯ নম্বরে তায়েব হোসেন বিজয়ী হন।