টাঙ্গাইলের বাসাইলে গতকাল মঙ্গলবার ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন এবং ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গত সোমবার দিবাগত রাতে সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী একটি বাস বানার নদে পড়ে গেলে এক যাত্রী নিহত ও ৩৬ জন আহত হয়।
টাঙ্গাইলে নিহত পাঁচজন হলো পিকআপ ভ্যানের চালক গাইবান্ধার মুকুল (৪০) এবং যাত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জের উজান বোচাগাড়ি গ্রামের অজিত (৩০), শোভাগড় গ্রামের লেবু মিঞার ছেলে হৃদয় (১৫) ও রংপুরের পীরগাছা উপজেলার আবদুর রহিম (৪২)। ত্রিশালে নিহত ব্যক্তির নাম হাফিজ উদ্দিন (২৫)। তাঁর বাড়ি শেরপুরের ঝিনাইগাতি উপজেলা সদরে ।
টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান সকাল সাড়ে সাতটার দিকে বাসাইল উপজেলার করাতিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক মুকুল মারা যান। পরে স্থানীয় লোকজন পিকআপ ভ্যানের আহত ১৩ জন যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অপর তিনজন মারা যায়।
এদিকে ওই দুর্ঘটনাস্থলের কিছু দূরে সকাল ১০টার দিকে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী শিশু মির্জা সাদিয়া (৫) মারা যায়। দুর্ঘটনায় আহত হন সাদিয়ার বাবা মির্জা আরফান ও মা মোস্তাকিম। তাঁদের দুজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি ঘাটাইল উপজেলার ভোজদহ গ্রামে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে একটি বাস শেরপুর থেকে ঢাকা যাচ্ছিল। রাত প্রায় সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার সাইনবোর্ড এলাকায় বানার নদের সেতুতে উঠলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে এটি সেতুর রেলিং ভেঙে প্রায় ৩০ ফুট নিচে নদে পড়ে যায়। খবর পেয়ে ত্রিশাল থানা-পুলিশ এবং ত্রিশাল ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের তিনটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের ৩৭ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে হাফিজ উদ্দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত প্রায় দেড়টার দিকে মারা যান। আহত যাত্রীদের বেশির ভাগই শেরপুর জেলার বাসিন্দা বলে জানা যায়। তাঁরা ঈদের ছুটি কাটিয়ে রাজধানী ও গাজীপুর জেলার কর্মস্থলে ফিরছিলেন। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহীদুর রহমান বলেন, নদীতে খুব বেশি পানি না থাকায় উদ্ধারকাজ কিছুটা সহজ হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, চালকের অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন।