বাসাইলে ২০০ একর কৃষিজমি বালুর নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের বাসাইল উপজেলার লাঙ্গুলিয়া নদী দিয়ে প্রবাহিত স্রোতের সঙ্গে ভেসে আসা বালুতে ঢাকা পড়েছে পৌর এলাকার মাইজখারা বিলের প্রায় ২০০ একর আবাদি জমি। ফলে দেড় শতাধিক কৃষক পরিবারের পথে বসার উপক্রম হয়েছে।
গত বর্ষা মৌসুমে ঝিনাই নদী থেকে ভেসে আসা বালু লাঙ্গুলিয়া নদী দিয়ে মাইজখারা উত্তর বিল, দক্ষিণ বিল, পশ্চিম বিল, সেহরাইলের দক্ষিণ বিল ও কলিয়া পশ্চিম বিলে পড়ে। এতে তিন ফসলি আবাদি জমি প্রায় আড়াই থেকে তিন ফুট বালুর নিচে চাপা পড়ে আবাদের অনুপযোগী হয়ে পড়েছে।
বালুচাপা পড়া এলাকার অনেক কৃষক এসব জমি থেকে ফসল উৎপাদন করে নিজেদের জীবন চালাতেন। খাদ্যশস্য উৎপাদনের শেষ সম্বল আবাদি জমি বালুর নিচে চাপা পড়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
মাইজখারার কৃষক আজিজুর রহমান বলেন, তাঁর তিন একর জমির ওপর বালু পড়েছে। এ জমিতে তিন ফসল আবাদ করা যেত, কিন্তু এখন পুরো জমি ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে পড়েছে। একমাত্র এ জমিতে ফসল উৎপাদনের ওপর নির্ভর করেই চলে তাঁর সংসার।
এলাকায় গেলে আজিজুর ও আতাউরের মতো অনেক কৃষক বালু অপসারণ করার জন্য সরকারি সহযোগিতা কামনা করেন। তা ছাড়া ভবিষ্যতে এলাকার কৃষকের আবাদি জমি যাতে বর্ষায় ভেসে আসা বালু গ্রাস করতে না পারে, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তাঁরা।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়মা আক্তার বলেন, জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল ফারুক বলেন, এসব জমি আবার চাষাবাদের উপযোগী করে তোলা সম্ভব। সেহরাইল থেকে পশ্চিম চক পর্যন্ত লাঙ্গুলিয়া নদীর চার কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করলে ভবিষ্যতে এ জমিগুলোতে আর বালু পড়বে না।