বাসাবাড়ি দোকানের ভেতরে পানি
বেলা ১১টা থেকে একটা পর্যন্ত দুই ঘণ্টার অবিরাম ভারী বর্ষণে গতকাল বুধবার কুমিল্লা নগরের বেশির ভাগ এলাকার বাসিন্দা পানিবন্দী হয়ে পড়ে। বৃষ্টির পানি বাসাবাড়ির ভেতরে ঢুকে পড়েছে। দোকানপাট ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে একাকার অবস্থা। সব সড়কে পানি থই থই করছে।
বেলা দুইটায় সরেজমিনে দেখা গেছে, নগরের পুলিশ সুপার কমপ্লেক্স মার্কেটের নিচতলার দোকানে পানি ঢুকেছে। পুলিশ সুপারের বাসার ভেতরে পানি। বাসার সামনে প্রধান সড়কে হাঁটুপানি। স্টেডিয়ামের সব দোকানে পানি ঢুকে পড়েছে। জিলা স্কুল ও বাদুরতলা এলাকার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িতে পানি, সামনের সড়কে কোমরসমান পানি। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশের সড়কে পানি থই থই করছে। একই অবস্থা তালপুকুরপাড়, অশোকতলা, বাগিচাগাঁও বড় মসজিদ, দমকল পুকুরপাড়, রেইসকোর্স, দক্ষিণ চর্থা, আদালত সড়ক, বিষ্ণুপুরসহ নগরের সব নিচু এলাকায়।
নগরের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা ও একটি প্রাইভেট প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর মো. সোহেল বলেন, ‘পানি ঘরের ভেতরে ঢুকে পড়েছে। বাড়ির চারপাশেও পানি জমে একাকার। ওই কারণে বুধবার অফিসে যেতে পারিনি।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা জেলা শাখার সদস্যসচিব আলী আকবর মাসুম বলেন, কুমিল্লা নগরের পানিপ্রবাহের বেশির ভাগ পথই অপরিকল্পিত মার্কেট ও বাড়ি নির্মাণ করায় বন্ধ হয়ে গেছে। কেউ পানি নামার জন্য এক ইঞ্চি জায়গাও ছাড় দিচ্ছে না। এতে সামান্য বৃষ্টিতেই পুরো নগর তলিয়ে যায়।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই নগরের সব নালা পরিষ্কার করা হয়েছে। এখনো ওই কার্যক্রম অব্যাহত আছে। অতিবৃষ্টির কারণে গতকাল বাসাবাড়িতে পানি ঢুকেছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় সড়ক ও নালার মধ্যে নির্মাণসামগ্রী ফেলে রাখায় পানি নামতে পারেনি। জলাবদ্ধতা নিরসনের জন্য নতুন করে নালা তৈরির কাজ শুরু হয়েছে।