বাসাবাড়িতে পর্যাপ্ত গ্যাসের দাবিতে গৃহিণীদের বিক্ষোভ
নারায়ণগঞ্জে বাসাবাড়িতে পর্যাপ্ত জ্বালানি গ্যাস সরবরাহের দাবি জানিয়েছে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ মহিলা শাখা। দাবি আদায়ে সংগঠনের নেতা-কর্মী ও গৃহিণীরা গতকাল বুধবার বেলা ১১টায় শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কার্যালয় অবরুদ্ধ করে রাখেন। এ সময় সেখানে সমাবেশ করা হয়। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। পরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করেন গৃহিণীরা। সংগঠনের নেতাদের মধ্যে আঞ্জুমান আরা আকসির, রোখসানা খবির, সিটি করপোরেশনের কাউন্সিলর খোদেজা খানম বক্তব্য দেন।
বক্তারা জানান, সারা দিন গ্যাস থাকে না। গভীর রাতে অল্প সময়ের জন্য গ্যাস আসে। তখন গৃহিণীদের রাত জেগে রান্না করতে হয়। ফলে এই রোজার মধ্যে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন তাঁরা। সামান্য গ্যাস থাকলেও নিয়মিতই গ্যাসের বিল পরিশোধ করতে হচ্ছে তাঁদের।