বাসাবাড়িতে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস দেওয়ার পরিকল্পনা আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গ্যাসের সংকট থাকায় আপাতত বাসাবাড়িতে গ্যাসের সংযোগ দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, সরকার বাসাবাড়িতে পাইপলাইনের বদলে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহের পরিকল্পনা নিয়েছে।
গতকাল বুধবার সংসদে জাতীয় পার্টির সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটার পর সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সরকারি দলের সুবিদ আলী ভুঁইয়ার প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা ৩ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট। গত সাত বছরে গ্যাসের উৎপাদন প্রায় দ্বিগুণ বাড়লেও চাহিদা তার চেয়ে বেশি বেড়েছে। যে কারণে বর্তমানে দৈনিক ঘাটতির পরিমাণ ৫০০ মিলিয়ন ঘনফুট। ২০২১ সালের মধ্যে ৫৭টি অনুসন্ধান কূপ খনন, ৪৩টি উন্নয়ন কূপ খনন এবং ২০টি কূপের সংস্কার করার পরিকল্পনা আছে। এসব কূপ থেকে ১ হাজার ৭৮ থেকে ১ হাজার ২৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করা যায়।
এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, মালিকদের বিশেষ সুবিধা দেওয়ার মাধ্যমে ঢাকা মহানগর থেকে শিল্পকারখানা স্থানান্তরের পরিকল্পনা সরকারের আছে। ইতিমধ্যে চামড়াশিল্পের কারখানা হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর করা হয়েছে।