বাসাবাড়িতে গ্যাসের বিল বাড়ানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসাবাড়িতে গ্যাসের বিল বাড়ানোর সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে গ্যাসের আবাসিক সংযোগ ধীরে ধীরে কমিয়ে আনারও সুপারিশ করা হয়েছে।কমিটি মনে করছে, গ্যাসের আবাসিক সংযোগ ‘অনৈতিক’। কমিটি আবাসিক খাতে সিলিন্ডার গ্যাসের ব্যবহার বাড়ানোরও সুপারিশ করেছে। বর্তমানে পাইপলাইনে আবসিক সংযোগ ও সিলিন্ডারের গ্যাসের দামের মধ্যে সামঞ্জস্য আনার জন্যও মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়।গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৩৯তম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সুবিদ আলী ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘সরকার পাইপলাইনে আর কতকাল গ্যাসের সংযোগ দেবে? পৃথিবীর কোথাও এভাবে আবাসিক সংযোগ দেওয়া হয় না।’গ্যাস সিলিন্ডারের দাম প্রসঙ্গে স্থায়ী কমিটির সভাপতি বলেন, বাজারে সিলিন্ডার গ্যাসের দাম বেশি। অন্যদিকে গ্যাসের আবাসিক সংযোগের বিল অনেক কম। তিনি আরও বলেন, ‘এত কম বিল হতে পারে না।’সুপারিশ না মানায় ক্ষোভ: এদিকে সংসদীয় কমিটির তদন্তে দুর্নীতির দায়ে অভিযুক্ত কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সানোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা না নেওয়ায় কমিটি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) নিয়োগ অনিয়ম এবং কেজিডিসিএলের এমডি সানোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে ওমর ফারুক চৌধুরীকে আহ্বায়ক করে তিন সদস্যের সংসদীয় উপকমিটি গঠন করা হয়। উপকমিটির অন্য সদস্যরা হলেন মো. ইসরাফিল আলম ও শেখ ফজলে নূর তাপস।তদন্ত কমিটির প্রতিবেদন থেকে জানা গেছে, সানোয়ার হোসেন চৌধুরীর বিষয়ে কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ গ্যাস ব্যবহারের কারণে ধার্য করা জরিমানা ও বকেয়া বিল আদায়ে তিনি চরম অবহেলা ও অনিয়ম করেছেন।বিশেষজ্ঞ মত নেবে সংসদীয় কমিটি: ১১ সেপ্টেম্বর সংসদে উত্থাপিত ‘টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১২’ চূড়ান্ত করতে বিশেষজ্ঞদের মতামত নেবে সংসদীয় কমিটি। গতকাল কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।