বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগে নিষেধাজ্ঞা
সারা দেশে সরকার বাসাবাড়িতে পাইপলাইনের গ্যাস ব্যবহারে নতুন একটি নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা অনুযায়ী, কোনো গ্রাহক এখন আর গিজার (স্নানঘরে গরম পানি ব্যবহারের স্বয়ংক্রিয় বৈদ্যুতিক ব্যবস্থা) ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া, আর কোনো আবাসিক গ্রাহককে নতুন চুলায় গ্যাস সংযোগ দেওয়া (চুলার সংখ্যা বাড়ানো) হবে না।
গত ২৬ মে গ্যাস বিতরণ কোম্পানিগুলোর মধ্যে এই নিষেধাজ্ঞা-সংক্রান্ত চিঠি জারি করা হয়। গতকাল বুধবার থেকে তা গ্রাহক পর্যায়ে কার্যকর করা হয়েছে। পেট্রোবাংলা এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সংশ্লিষ্ট সূত্রে এ খবর জানা গেছে।
এর আগে বাসাবাড়িতে নতুন সংযোগ দেওয়া বন্ধ করা হয়েছে। আর শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের নতুন গ্যাস-সংযোগ দেওয়া এবং ব্যবহার বাড়ানো (লোড বৃদ্ধি) কার্যত ২০০৯ সাল থেকেই বন্ধ রয়েছে। অর্থাৎ এখন দেশের সব শ্রেণির গ্রাহকের ক্ষেত্রেই নতুন সংযোগ দেওয়া বন্ধ রয়েছে।
তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ কমিটি রয়েছে। এই কমিটি সংশ্লিষ্ট গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে জরুরি ক্ষেত্রে শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের নতুন সংযোগ দেওয়া এবং ব্যবহার বাড়ানোর জন্য কিছুদিন পরপর সিদ্ধান্ত নেয়।
কমিটির একটি সূত্র থেকে জানা যায়, তারা এখন পর্যন্ত প্রায় এক হাজার শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে শর্ত সাপেক্ষে নতুন সংযোগ প্রদান ও ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে। শর্ত হচ্ছে, আশপাশের গ্রাহকদের সরবরাহ বিঘ্নিত না হলেই কেবল তাঁরা নতুন সংযোগ কিংবা ব্যবহার বাড়ানোর সুযোগ পাবেন। এই শর্তের কারণে এখন পর্যন্ত ওই এক হাজার গ্রাহকের অনেকেই গ্যাস পাননি।
পেট্রোবাংলা ও তিতাস গ্যাসের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলেছে, গত ২৫ মে পেট্রোবাংলায় অনুষ্ঠিত এক সভায় গিজার সংযোগ অপসারণ ও আবাসিক গ্রাহকদের চুলার সংখ্যা না বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। গতকাল থেকে বিতরণ কোম্পানিগুলো তা কার্যকর করেছে। কিন্তু এমন অনেক গ্রাহক রয়েছেন, যাঁদেরকে চুলা বাড়ানোর জন্য আগেই অনুমোদন দেওয়া হয়েছে। তাঁরা ইতিমধ্যে বিতরণ কোম্পানিগুলোর স্থানীয় কার্যালয়সমূহে অভিযোগ নিয়ে আসতে শুরু করেছেন।
তিতাসের কয়েকজন গ্রাহক প্রথম আলোকে বলেন, চুলার সংখ্যা বাড়ানোর অনুমোদন পাওয়ার জন্য তাঁরা সরকারের নির্ধারিত টাকাও দিয়েছেন। এখন সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। কারণ, বাড়ির আয়তন বাড়ানো হয়েছে ওই অনুমোদনের ভিত্তিতে।
তিতাসের কয়েকজন কর্মকর্তা বলেন, ২০১০ সালে আবাসিক গ্রাহকদের নতুন গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ করার পর অনেক গ্রাহক চোরাই পথে ঘুষের বিনিময়ে অবৈধভাবে সংযোগ নিয়েছেন। এরপর বিতরণ লাইন সম্প্রসারণ না করে আবাসিক গ্রাহকদের সংযোগ উন্মুক্ত করার পরও অবৈধভাবে বিতরণ লাইন বসিয়ে গ্যাস-সংযোগ নিয়েছেন হাজার হাজার গ্রাহক।
তিতাসের হিসাবে এইভাবে প্রায় ৯৯৪ কিলোমিটার অবৈধ বিতরণ লাইন করা হয়। নতুন অবৈধ সংযোগ নেন প্রায় দেড় লাখ গ্রাহক। এই লাইন বসানো ও সংযোগ নেওয়ার কার্যক্রমে বিপুল ঘুষ লেনদেন হয়েছে। এমনকি অনেক সংযোগের বিলও তিতাস পাচ্ছে না। এখন হঠাৎ করে গিজার সংযোগ অপসারণ ও বিদ্যমান গ্রাহকদের চুলার সংখ্যা না বাড়ানোর সিদ্ধান্তও ওই রকম কোনো পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে তাঁদের আশঙ্কা।