বাসাবাড়িতে হামলা
দুই দল কিশোরের আধিপত্য নিয়ে গতকাল রোববার হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় একটি বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি। এ সময় বাসার আসবাব ভাঙচুর ও নারীদের মারধর করারও অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনা নিয়ে শহরের বাণিজ্যিক এলাকার (ঢাকাইয়াপট্টি) রাখিবের (১৯) সঙ্গে বহুলা এলাকার মিজানের (২০) তর্ক হয় বৃন্দাবন সরকারি কলেজে। এর সূত্র ধরে গতকাল মিজানের পক্ষ নিয়ে শহরতলির বহুলা এলাকার শতাধিক লোক রাখিবের বাসায় হামলা চালায়। এ সময় বাসার লোকজন প্রাণের ভয়ে পাশের বাসা আশ্রয় নেয়। হামলাকারীরা বাসার আসবাব, টেলিভিশন ও ফ্রিজসহ নানা জিনিস ভাঙচুর করে। এ সময় হামলাকারীদের হাতে দুজন নারী আক্রান্ত হন। ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহকর্তা মজিবুল হক বলেন, শতাধিক হামলাকারী দলবদ্ধভাবে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায়। তারা বাসার জিনিস ভাঙচুরের পাশাপাশি নারীদের গায়ে হাত তোলে।