বাসাবো কদমতলা মুগদায় পানিতে ময়লা, দুর্গন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরীর পূর্বাঞ্চলীয় এলাকা বাসাবো, কদমতলা, মুগদা ও আশপাশে পানির সংকট চলছে। কোনো কোনো বাড়িতে পানির কল খুললেই ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি আসছে। এলাকার বাসিন্দারা খাওয়ার পানির জন্য দিনরাতে ভিড় করছেন ঢাকা ওয়াসার স্থানীয় পাম্প স্টেশনগুলোতে।
বাসাবো বৌদ্ধমন্দির থেকে নিয়মিত পানি সরবরাহ করা হতো। গতকাল সেটি বন্ধ ছিল বলে জানা যায়। সে জন্য অন্য পাম্পগুলোতে ভিড় আরও বেশি ছিল।
কদমতলার বাসিন্দা ইসরাত জাহান প্রথম আলোয় ফোন করে বলেন, তাঁদের বাসায় ওয়াসার পানিতে দুর্গন্ধ বলে খাওয়ার পানি সংগ্রহ করছেন কদমতলা পানির পাম্প থেকে। তিনি বলেন, প্রায়ই এলাকার পানিতে দুর্গন্ধ থাকে। এখন গরম শুরু হওয়ায় তাঁদের ভোগান্তি অনেক বেড়েছে।
কদমতলা পাম্পে ছবি তুলতে গেলে ভিড় করা লোকজন অভিযোগ করেন, বছরের বেশির ভাগ সময় এলাকার পানিতে ময়লা, দুর্গন্ধ থাকে। তাই তাঁরা পাম্পে আসতে বাধ্য হচ্ছেন। বাসার পানি ব্যবহার করলে চর্মরোগ দেখা দিচ্ছে। পেটের পীড়ায়ও ভুগছেন অনেকে। আবার কোনো কোনো বাড়িতে পানি আসছেই না। গরম ভালো করে না পড়তেই পানির এই সমস্যা। আগামী সময়ে কী হবে, তা নিয়ে তাঁরা শঙ্কিত। অথচ ওয়াসার পানির বিল নিয়মিতই দিতে হয়।
পাম্প এলাকায় কল পাড়ে দেখা যায়, বড় বড় জার, বোতল, কলসসহ বিভিন্ন পানির পাত্র রাখা। শিশুরা পর্যন্ত পানি সংগ্রহে এসেছে। কয়েকজন বাসিন্দা বলেন, রাতেও অনেকে পানি সংগ্রহ করেন। বৌদ্ধমন্দির পানির পাম্প সংস্কারকাজ চলছে বলে সেখান থেকে তাঁরা পানি সংগ্রহ করতে পারছেন না বলেও জানান। এ জন্য তাঁদের সমস্যা আরও বেড়েছে।
মুগদার সবুজকানন, মায়াকানন এলাকায়ও অনেক বাড়িতে পানিতে ময়লা, দুর্গন্ধ। এই সমস্যা এক মাসের বেশি সময় চলছে। এ সম্পর্কে কিছুদিন আগে প্রথম আলোয় প্রতিবেদনও ছাপা হয়। সরবরাহ করা পানিতে গোসল এমনকি হাতমুখ ধোয়াও যাচ্ছে না।
মায়াকানন এলাকার বাসিন্দা সাইফুল্লাহ গতকাল ক্ষোভের সঙ্গে বলেন, ‘পুরো এলাকায় কোটি কোটি টাকা খরচ করে পানির পাম্প বসানো হচ্ছে। অথচ পানির লাইন ঠিক করা হচ্ছে না। মাঝে মাঝে মনে হয় পানির সঙ্গে মলমূত্র আসছে।’
মুগদার বাসিন্দা মাকসুদুল আনোয়ার গত মার্চে জানিয়েছিলেন, বাসায় ওয়াসার পানিতে চোখ–মুখ ধুলে জ্বালা করে। এখন এই সমস্যা আরও বেড়ে গেছে। এলাকায় একাধিক গভীর নলকূপ আছে। তারপরও পানির কষ্ট।
যোগাযোগ করা হলে ঢাকা ওয়াসার ১ ও ৬ নম্বর অঞ্চল থেকে বলা হয়, পূর্বাঞ্চলীয় এলাকায় পানির লাইন সংস্কারের সম্ভাবনা রয়েছে। এলাকায় পাইপলাইনে ফুটোর কারণে পানিতে দুর্গন্ধ, এটা সত্য। তবে অনেকে বাড়িতে অবৈধ সংযোগ নিতে গিয়ে পাইপ ফুটো করে ফেলে।