
মঙ্গলবার, সকাল ১০টা ২০ মিনিট। রিকশায় বসে থাকতে থাকতে বিরক্ত আট বছরের শিশু রক্তিম। মামার সঙ্গে মুগদা থেকে বাসাবো হয়ে নন্দীপাড়া আরেক মামার বাড়ি যাবে। মামাকে বারবার জিজ্ঞেস করছিল, ‘এত জাম ক্যান মামা? রিকশা হাটে না ক্যান? আমরা কখন পোছামু?’
মামা তাকে প্রবোধ দিচ্ছিলেন, ‘এক্ষুনি পোছাই যামু।’
বায়না ধরল রক্তিম, ‘আমি চকলেট খামু।’
কিন্তু দেখা গেল, চকলেট কিনতে নামতেই পারছিলেন না তার মামা। কারণ, রিকশার দুপাশে নামার মতো একটু জায়গাও নেই। যান্ত্রিক-অযান্ত্রিক যানবাহনে ঠাসা। জায়গাটি পূর্বাঞ্চলীয় নন্দীপাড়া মোড়ের কাছে।
বাসাবো থেকে ত্রিমোহনী পর্যন্ত এই সড়ক ৩০ ফুট চওড়া। কিন্তু তাতে চলছে অসংখ্য রিকশা, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। বেশির ভাগই যান্ত্রিকযানই অবৈধ, নম্বরপ্লেট নেই। কোনোটার গায়ে সাঁটানো নম্বরে অন্য শহরের নাম। রাস্তার ওপর অবৈধ যানবাহন দাঁড় করিয়ে রাখা। চলছে যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো। রাস্তার ওপরই শাকসবজি ও পণ্যসামগ্রীর পসরা সাজিয়ে চলছে বেচাকেনা। নন্দীপাড়া বাজারে রাস্তা বন্ধ করে তৈরি করা হয়েছে সিএনজিচালিত অটোস্ট্যান্ড। তার ওপর পুরো রাস্তাটি ভাঙাচোরা।
সরেজমিনে দেখা গেল, রাজধানীর পূর্বাঞ্চলীয় এই এলাকা বাসাবো থেকে মাদারটেক, নন্দীপাড়া হয়ে ত্রিমোহিনীর যোগাযোগের একমাত্র এই রাস্তা এখন এলাকাবাসীর প্রচণ্ড দুর্ভোগের কারণে পরিণত হয়েছে। এলাকার দোকানিরা বলেন, নন্দীপাড়ার যাওয়ার জন্য কেউ বাসাবো হয়ে রওনা দিলে মাঝে মাঝে দুই ঘণ্টারও বেশি সময় লেগে যায়। কখনো মনে হয় যানবাহন বুঝি দোকানের ভেতরে ঢুকে পড়বে। এক রিকশার পাশে লেগে থাকে আরেক রিকশা। সঙ্গে আছে লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা। রাস্তা প্রায় বন্ধ করে দাঁড়িয়ে থাকে সব। পথচারীর হাঁটার জন্য ফুটপাত দূরে থাক, সামান্য জায়গাও রাখা হয়নি। মাঝপথে দাঁড়িয়ে এক লেগুনার চালক যাত্রী খুঁজতে হাঁকডাক দিচ্ছেন। হঠাৎ সুযোগ পেয়ে পেছনের এক লেগুনা সামনের লেগুনাকে পাশ কাটিয়ে সামনে চলে গেল। চিৎকার করে উঠলেন পিছিয়ে পড়া চালক, ‘অ্যাই, তুই সামনে গেছস ক্যান...?’
পাশ কাটিয়ে যাওয়া চালকের সেদিকে ভ্রুক্ষেপ নেই। তিনি তখন চিৎকারে ব্যস্ত, ‘অ্যাই, বাসাবো বাসাবো, দশ ট্যাকা।’ যে লেগুনা পেছনে পড়ে গেল, সেটির দুজন যাত্রী লাফিয়ে নেমে সামনের লেগুনায় উঠে গেলেন। ব্যাকুল চালক চিৎকার করে উঠলেন, ‘বেইমানি করলেন ভাই?’
আগের লেগুনায় উঠেও দেখা গেল বিশেষ কোনো লাভ হচ্ছে না। সেটি যেখানে দাঁড়িয়ে, সেখানেই দাঁড়িয়ে থাকল। সবচেয়ে ভয়াবহ অবস্থা নন্দীপাড়ার বাজার মোড়ে। প্রায় আধা ঘণ্টা স্থবির হয়ে আছে সব যানবাহন। সেখানে ত্রিমুখী যানজট। বাসাবোর দিক থেকে এলে সোজা রাস্তায় যাওয়া যায় ডেমরা হয়ে কাঁচপুর। হাতের বাঁয়ে চলে গেছে ত্রিমোহনী পথ। মোড় থেকে জেলা পরিষদ মার্কেট প্রায় দেড় শ মিটার দূরত্বে। যত দূর চোখ যায়, রাস্তার বন্ধ করে দাঁড়িয়ে আছে অর্ধশতাধিক যাত্রীবিহীন সিএনজিচালিত অটোরিকশা। প্রায় সব কটির নম্বরপ্লেটে ঢাকার বাইরের অন্য জেলার নাম। তাতে বোঝা গেল, এগুলো অবৈধভাবে এখানে চলাচল করছে। নন্দীপাড়া বাজারের মুক্তা সুইটস অ্যান্ড বেকারিতে মিষ্টি কিনতে এসেছেন আনোয়ার হোসেন নামের এক বাসিন্দা। বললেন, ট্রাফিক পুলিশ তো দূরের কথা। পুলিশও কখনো আসে না। আসে শুধু চাঁদা নেওয়ার সময়। বেকারির একজন কর্মচারী বলেন, ‘ভাই, দোকানের মইদ্যে এসব কইয়েন না।’
রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকা এবং বৈধ রুট পারমিটের বিষয়ে প্রশ্ন করলে সিএনজিচালিত অটোরিকশার দুজন চালক সরাসরিই বলেন, দাঁড়িয়ে থাকার জন্য সপ্তাহে পুলিশকে ২০০ টাকা করে দিতে হয়। মাঝে মাঝে এলাকার মাস্তানরা সিএনজিতে উঠে পয়সাও দেয় না।
বাজারের সামস্ হোমিও হলে ওষুধ নিচ্ছিলেন এক ক্রেতা। তিনি বললেন, ‘ঢাকার সব এলাকার উন্নতি অয়, এই এলাকার অয় না।’
নন্দীপাড়া এলাকাটি আগে ইউনিয়ন ছিল। গত ৯ মে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হয়। কিন্তু কোনো ক্ষেত্রেই উন্নতি হয়নি। এলাকায় কাউন্সিলর নির্বাচনও হয়নি। যোগাযোগ করা হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহরাওয়ার্দী বলেন, বছরের পর বছর এই যানজট। এলাকায় ট্রাফিক ব্যবস্থার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে এবং সার্কেল অফিসে জানানো হয়েছে। কয়েক দিন আগে নগর ভবনেও অনুরোধ করা হয়েছে রাস্তাটি বড় করতে। কিন্তু বাস্তবে কিছু হয়নি।