বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অভিযোগ করেছে, বছরের শেষ দিকে এসে বাড়ির মালিকেরা কোনো নিয়মনীতি না মেনে বাসাভাড়া আবার বৃদ্ধির পাঁয়তারা করছেন। এতে সাধারণ নগরবাসীর মধ্যে ‘গণআতঙ্ক’ তৈরি হয়েছে। একই সঙ্গে ফিটনেসহীন যানবাহনের বিরুদ্ধে অপরিকল্পিত অভিযানের ফলে স্বল্প আয়ের মানুষকে দুর্ভোগে ফেলা হয়েছে।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এ অভিযোগ তোলেন এবং এর প্রতিবাদ জানান। তাঁরা বলেন, একদিকে ঘুষের বিনিময়ে ফিটনেস সনদ পাওয়া যাচ্ছে, অন্যদিকে ফিটনেস পরীক্ষার অভিযান চালানো হচ্ছে। এর ফলে রাস্তায় গণপরিবহনের সংখ্যা হ্রাস পেয়েছে, বিপদে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
বক্তারা বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিরও পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার মাশুল দিতে হবে সাধারণ মানুষকে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আইএমএফ এবং বিদেশি মুরব্বিদের খুশি করতে জ্বালানির দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এমন তৎপরতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
দলটির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক আকবর খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বহ্নিশিখা জামালী, মুখলেছুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।